কলকাতা নাইট রাইডার্সের কাছে আগের ম্যাচ হেরেছিল চেন্নাই সুপার কিংস। এতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারাতে হয় আইপিএলের শীর্ষস্থান। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দাপুটে জয়ে আবারও এক নম্বরে মহেন্দ্র সিং ধোনির দল। এনিয়ে দ্বিতীয় সাক্ষাতেও কোহলিদের বিপক্ষে দাপুটে জয় পেল চেন্নাই। বেঙ্গালুরুর মাঠে আগের ম্যাচে ধোনি-রাইড়ুর দুর্দান্ত ব্যাটিংয়ে ২০৬ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা।
এবার অতিথি বেঙ্গালুরুর বিপক্ষে লো স্কোরিং ম্যাচে সহজেই জিতল চেন্নাই। দুই ওভার বাকি থাকতে ৬ উইকেটে সপ্তম জয় পেয়েছে তারা। ১০ ম্যাচে তাদের অর্জন ১৪ পয়েন্ট।
এদিন টানা দুই ওভারে বেঙ্গালুরুর শক্ত দুই খুঁটি ভেঙে দেয় চেন্নাই। রবীন্দ্র জাদেজা তার প্রথম বলেই নেন বিরাট কোহলির (৮) উইকেট। সুস্থ হয়ে ফেরার ম্যাচে এবি ডি ভিলিয়ার্স (১) শিকার হন হরভজন সিংয়ের। ৯ উইকেটে মাত্র ১২৭ রান করেছিল বেঙ্গালুরু। ম্যাচ শেষে হাসি ধোনির মুখে। মন্থর উইকেটে বেঙ্গালুরুর বোলারদের বশীভূত করে দলকে দাপুটে জয় এনে দেন চেন্নাইয়ের অধিনায়ক। ১৮ ওভারে ৪ উইকেটে ১২৮ রান করে সাবেক চ্যাম্পিয়নরা।
এদিন পুনেতে হোম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ বোলিং করেছে চেন্নাই। প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানের মধ্যে মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন। পার্থিব প্যাটেল ৫৩ রান করেন। ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর ১০০ পার করেন টিম সাউদি।
৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচসেরা জাদেজা। সমান বল করে ২২ রান দিয়ে ২ উইকেট ঝুলিতে পুরেছেন হরভজন।
জয়ে ফিরতে খুব বেশি ভুগতে হয়নি চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। বিশেষ করে অম্বতি রাইড়ু, সুরেশ রায়না ও ধোনির ছোট ঝড় সহজ জয় এনে দেয় তাদের। ২৩ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন ধোনি। রাইড়ু ২৫ বলে ৩২ রান করেন। ২১ বলে ২৫ রান করে অবদান রাখেন রায়না।
উমেশ যাদব বেঙ্গালুরুর পক্ষে দুটি উইকেট নেন। ৯ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ কোহলিরা।
অবশ্য চেন্নাইয়ের শীর্ষস্থান থাকছে নড়বড়ে। তাদের জয়ে দুই নম্বরে নেমে যাওয়া হায়দরাবাদ শনিবার দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলছে। জিতলেই আবার চেন্নাইকে টপকে শীর্ষে উঠবে সাকিব আল হাসানের দল।








