‘এসো হাতে হাত রেখে শপথ করি, মাদক ও জুয়ামুক্ত জীবন গড়ি’ এই শ্লোগানে কুড়িগ্রামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মিসকাতুল ভিতরবন্দ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ষষ্ঠ আসর।
ভিতরবন্দ ইউনিয়নের নিজস্ব ১০০ জন বাছাইকৃত নিবন্ধিত খেলোয়াড়দের নিয়ে লটারির মাধ্যমে পাঁচটি দল তৈরি করা হয়। দলগুলো হলো টর্নেডো-১২, কৈকুরী কিংস, ফ্রেন্ডস-১১, প্রত্যয় ক্রিকেট একাডেমি ও মিথী স্পোর্টিং ক্লাব।
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের যুব সমাজকে মাদক ও জুয়ার কবল থেকে রক্ষা করতে গত ৬ বছর ধরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আয়োজনে বিপিএলের আদলে এই খেলা হচ্ছে।
মঙ্গলবার সকালে ভিতরবন্দ হাইস্কুল মাঠে মিসকাতুল ভিতরবন্দ প্রিমিয়ার লিগের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন খেলার আয়োজক ও ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক খন্দকার (বাচ্চু)।






