শুরুর ধাক্কা কাটিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটে বড় সংগ্রহের দিকে টাইগাররা। দুই ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি পূরণ করে এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির পথে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এনামুল হকের উইকেটটি হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪১ ওভারে ১৯১ রান। তামিম খেলছেন ৮৮ রান নিয়ে, আর সাকিব ব্যাট করছিলেন ৯১ রানে।
ব্যাটিং পজিশনে ওপরে ওঠার অনুরোধ সাকিবই করেছিলেন টিম ম্যানেজমেন্টের কাছে। তিন নম্বরে নামার যথার্থতাও প্রমাণ করলেন বাঁহাতি অলরাউন্ডার। চমৎকার ব্যাটিংয়ে তিনি পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম হাফসেঞ্চুরি।
সাকিবের আগেই ফিফটি পূরণ করেন তামিম। টেস্ট সিরিজে নিজের ছায়ায় বন্দী থাকা এই ওপেনার খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। জেসন মোহাম্মদের বল লং অফে পাঠিয়ে ১ রান নিয়ে তামিম পান ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম হাফসেঞ্চুরি দেখা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাট হাতে ইনিংস শুরু করেন তামিম ও এনামুল। প্রথম ওভারে আন্দ্রে রাসেলের বলে ১ রান করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন এনামুল। জেসন হোল্ডারের বলে অ্যাশলে নার্সকে স্লিপে ক্যাচ দেন এই ওপেনার। ৩ বল খেলে কোনও রান করতে পারেননি তিনি। তারপর দেখেশুনে খেলতে থাকেন তামিম ও সাকিব আল হাসান। যদিও ৪.৪ ওভারে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়, অবশ্য কিছু সময় পরই শুরু হয় ম্যাচ।
টেস্ট সিরিজের দুই ম্যাচেই বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ দিনের ম্যাচের ওই সিরিজে নখদন্তহীন ছিলেন সাকিবরা। এবার মাশরাফি মুর্তজার নেতৃত্বে নতুন শুরু। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে এই সফরের শুরুতে পাওয়া লজ্জা কাটানোর মিশনে নেমেছে বাংলাদেশ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।








