ওয়ানডেতে ‘বড়’ দল হয়ে উঠলেও টি-টোয়েন্টিতে সেভাবে সাফল্য ধরা দেয়নি বাংলাদেশের। বিপরীতে কুড়ি ওভারের ক্রিকেটেই সবচেয়ে শক্তিশালী এখনকার ওয়েস্ট ইন্ডিজ। এই দলটির বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন অলরাউন্ডার আরিফুল হক।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই আরিফুলের সঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ দিচ্ছেন সৌম্য সরকার। ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার প্রস্তুতি চলছে তাদের। যাওয়ার আগে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আরিফুল। টেস্টে ভরাডুবির পর জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করায় দলের বাইরে থেকেও উচ্ছ্বসিত এই পেস বোলিং অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে গায়ানার জয়টাই আত্মবিশ্বাসী করে তুলেছে তাকে।
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দাপটের কথা কে না জানে! আরিফুলও খুব ভালো করেই জানেন এই ফরম্যাটে স্বাগতিকদের দক্ষতার বিষয়টি। তবু তিনি সিরিজ জয়েরই স্বপ্ন দেখছেন, ‘টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ, এতে কোনও সন্দেহ নেই। আমরা চিন্তাও করিনি প্রথম ওয়ানডেতে বড় জয় পাবো। আসলে ক্রিকেটে সব কিছুই সম্ভব। যেদিন যে ভালো খেলবে, জয়টা তারাই পাবে। আমাদেরও একই রকম চিন্তা থাকবে, দিনটা নিজেদের করে নিতে পারলে অবশ্যই তাদের হারাতে পারব। এমনকি সিরিজ জেতাও কঠিন হবে না।’
এমনিতে ঝড়ো ব্যাটিং করার সুনাম আছে আরিফুলের। গত সপ্তাহে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দেখা গেছে আরিফুলের বিধ্বংসী ব্যাটিং। ওই সিরিজের দুই ম্যাচে ব্যাট করে ৪৭ ও ২৭ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি। শ্রীলঙ্কার দলটির বিপক্ষে ভালো করে আত্মবিশ্বাসও বেড়ে গেছে ২৫ বছর বয়সী অলরাউন্ডারের, “শ্রীলঙ্কা ‘এ’ দলের বেশিরভাগ ক্রিকেটার জাতীয় দলে খেলে এসেছে। তাই তাদের বিপক্ষে ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। আশা করি (টি-টোয়েন্টি সিরিজে) সুযোগ পেলে নিজের সেরাটা দিতে পারব।”
চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আরিফুলের। যদিও গত কয়েক মাসে বাংলাদেশ বেশ কয়েকটি টি-টোয়েন্টি খেললেও আরিফুলের সুযোগ হয়েছে মাত্র তিনটিতে। সবশেষ আফগানিস্তান সিরিজের একাদশেও জায়গা হয়নি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা আরিফুলের। সামনে সুযোগ পেলে পারফরম্যান্স দিয়ে দলে নিয়মিত হতে চান তিনি, ‘শ্রীলঙ্কা সিরিজে আমার সময়টা ভালো কেটেছে। আমি এখনও জাতীয় দলে নিয়মিত হতে পারিনি। এই সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাকা করার চেষ্টা থাকবে।’








