বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেই শিরোনামে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। যার সর্বশেষ সংস্করণ মোসাদ্দেক হোসেন। তার বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা করেছেন স্ত্রী সামিয়া শারমিন।
মোসাদ্দেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ ক্রিকেটার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে মাঠেও নেমেছিলেন এই অলরাউন্ডার। সেই তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হওয়াটা বিসিবিকেও নাড়িয়ে দিয়েছে। যদিও তার ব্যাপারে বিসিবি এখনই কোনও সিদ্ধান্তে যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
২০১২ সালে সামিয়াকে বিয়ে করেন মোসাদ্দেক। বাংলাদেশ দলের এই অলরাউন্ডারের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা করেছেন তার স্ত্রী। রবিবার বিকালে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে এই মামলাটি দায়ের করা হয়।
বিসিবি আপাতত এই বিষয়ে নীরবই থাকছে, প্রধান নির্বাহী নিজামউদ্দিনের বক্তব্য, ‘এটা তাদের একান্ত ব্যক্তিগত, পারিবারিক ব্যাপার। অভিভাবক হিসেবে আমাদের যেটা করণীয় আমরা করব। মোসাদ্দেকের ব্যাপারটা যেটা দেখেছি, তার স্ত্রী মামলা করেছেন। যেহেতু ওটা আদালতে চলে গেছে, তাই আদালতেই নিষ্পত্তি হোক। আর আমরা আমাদের বিষয়গুলোকে আমাদের মতো করে দেখব। হয়তো খুব শিগগিরই বসব।’
নাসির হোসনকে নিয়েও বিতর্ক তুঙ্গে। ক্রিকেটারদের নেতিবাচক খবরে আসাটা মোটেও মঙ্গলজনক নয় দেশের ভাবমূর্তির জন্য। এ ব্যাপারে বোর্ডের কঠোর সিদ্ধান্ত নেওয়ার খবর দিলেন তিনি, ‘বোর্ডের অবস্থান যে এসব ব্যাপারে কঠোর হবে, এতটুকু বলতে পারি। বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন, উনি যাওয়ার আগে এসব নিয়ে আলোচনা করেছেন।’
সঙ্গে যোগ করেছেন, ‘মোসাদ্দেকের ইস্যু আসার আগে অন্য বিষয় ছিল যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যেটা আপনারা শিগগিরই জানতে পারবেন।’






