টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দক্ষিণ আফ্রিকা ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। পারফরম্যান্সের ধারা সচল রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ডারবারের তৃতীয় ওয়ানডেতেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ডাকওয়ার্থ-লুইস মেথডে প্রোটিয়ারা জিতেছে ৭১ রানে।
বৃষ্টির আগে ডারবানের ম্যাচের পুরোটা জুড়ে ছিলেন কুইন্টন ডি কক। এই ওপেনারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তার ১২১ রানের ঝলমলে ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে প্রোটিয়ারা ৫ উইকেট করে ৩৩১ রান। তবে পরে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ২৪ ওভারে, আর শ্রীলঙ্কার লক্ষ্য ঠিক হয় ১৯৩ রান। যদিও সফরকারীরা ২৪ ওভারে ৫ উইকেটে করতে পারে ১২১ রান। যাতে টানা তৃতীয় জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০তে জিতে নিয়েছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ডি কক পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। আগের ম্যাচে একটুর জন্য শতক মিস করলেও এবার ভুল করেননি ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটসম্যান। ১০৮ বলে ১৬ চার ও ২ ছক্কায় তিনি করেন ১২১।
হাফসেঞ্চুরি করেছেন রাসি ভন ডের ডুসেন (৫০), ডেভিড মিলার করেন ৪১ রান। আর শেষ দিকে আন্দিলে ফেলুকাও ১৫ বলে ঝড়ো ৩৮ রানের ইনিংস খেললে ৩৩১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ৩৫ রানের মধ্যে দুই ওপেনার নিরোশান ডিকবেলা (২) ও অভিক্ষা ফার্নান্ডোকে (২৩) হারায় শ্রীলঙ্কা। তাদের আউটের পর শুরু হয় বৃষ্টি। লম্বা সময় ম্যাচ বন্ধ থাকার পর মাঠ খেলার উপযোগী করে তুললে আবার শুরু হয় বৃষ্টি। পরে ২৬ ওভার কমে ম্যাচ দাঁড়ায় ২৪ ওভারে, যেখানে লঙ্কানদের লক্ষ্য ঠিক হয় ১৯৩ রানের।
যে লক্ষ্যে কুশল মেন্ডিস করেন সর্বোচ্চ ৪১ রান। ২৫ রান করেছেন ওশাদা ফার্নান্ডো। ২টি উইকেট পেয়েছেন ইমরান তাহির। ক্রিকইফো








