লাল-সবুজ জার্সিতে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন মাশরাফি-সাকিবরা। ক্রিকেটারদের দেশাত্মবোধ ফুটে ওঠে গর্বের জার্সিতে। তাই বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে দেশের মানুষের আগ্রহ ছিল সীমাহীন। কিন্তু সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর বহু ক্রিকেট ভক্ত হতাশ।
জানা গেছে, মোট ২০টি নকশা তৈরি করে তা অনুমোদনের জন্য ক্রিকেট বোর্ডে জমা দেওয়া হয়েছিল। সেখান থেকে দুই রঙের জার্সি চূড়ান্ত করে বিসিবি। প্রাথমিক নকশায় সবুজ জার্সিতে ‘বাংলাদেশ’ ও ক্রিকেটারদের নম্বর লেখা ছিল লাল রঙে। কিন্তু আইসিসির নির্দেশনায় সেটা সাদা করতে বাধ্য হয় বিসিবি।
বিশ্বকাপে মাশরাফিদের জন্য দুটি জার্সি নির্বাচন করা হয়েছে। ‘হোম’ জার্সির পুরোটাই সবুজ, তাতে লাল রঙয়ের ছিটেফোঁটাও নেই। ‘অ্যাওয়ে’ জার্সি আবার পুরোটাই লাল রঙের। তবে দুই বাহুতে সবুজের ছোঁয়া রয়েছে তাতে। সামনে বাংলাদেশ লেখার ফন্টেও রয়েছে সবুজ রং। সোমবার সবুজ রংয়ের জার্সি পরেই অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সির ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। জার্সির ডিজাইন ও রং নিয়ে আপত্তি অনেকেরই। বিশেষ করে সবুজ জার্সি নিয়ে সমালোচনা হয়েছে বেশি। সবুজের মাঝে লালের অনুপস্থিতি মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশের সবুজ জার্সির সঙ্গে অনেকে পাকিস্তান ও আয়ারল্যান্ড ক্রিকেট দলের জার্সি মিলিয়ে সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্রিকেট ভক্তই হ্যাশট্যাগ দিয়ে জার্সি বদলের দাবিও জানিয়েছেন। প্রিয় দলের জার্সি কিনে বিশ্বকাপ উপভোগ করার ইচ্ছে যে নেই সে কথাও লিখেছেন অনেকে।
এহসান আননূর নামের এক ক্রিকেটার ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি বিষয়ে এতটুকু বলবো, আমি ডিজাইন করলেও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই সবুজ-লালের মিশেলে করতাম। এটা কেমন ডিজাইন হলো যে আমাদের মুক্তিসেনা এবং শহীদদের কোনও সম্মান জানানোই হলো না? জাতীয় পর্যায়ে অবশ্যই দেশের পতাকা এবং দেশীয় অর্জন রিপ্রেজেন্ট করতে হবে।’
গীতিকবি শাহান কবন্ধ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার কাছে এই জার্সি আপন আপন লাগছে না।’
লেখক কৌশিক জামান খানিকটা মজা করেই লিখেছেন, ‘দ্যাশে তো এখন বাঘও নাই, সবুজও নাই। অ্যাকসিডেন্ট আছে। তাই কৈতেছিলাম কি, হুদা লাল দিয়া জার্সি করলে সঠিক হৈত।’
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বিপাশা মতিনের প্রশ্ন, ‘লাল ছাড়া কী সবুজ হয় বাংলাদেশ?’
অভিনেত্রী ও মডেল শামীমা তুষ্টিও জার্সি দেখে ক্ষুব্ধ। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে একজনও প্রতিবাদ করবার সাহস দেখালেন না??? এই জার্সি পরবেন না বলে??? অদ্ভুত??? কিভাবে পরলো এই জার্সি???’
প্রবল সমালোচনার মুখে বিসিবি সবুজ রঙের জার্সিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে অবশ্য। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এরই মধ্যে জার্সি পরিবর্তনের অনুমতি দিয়েছে বিসিবিকে।








