মাঠে নামার আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। এরপরও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে ছিল দলটি। ব্যাটিংয়ে তার প্রমাণও পাওয়া গেল। দেরিতে হলেও তাদের ব্যাটিং জ্বলে উঠলো চেস্টার-লি-স্ট্রিটে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষ্কা ফার্নান্ডোর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে লঙ্কানরা ৬ উইকেটে করেছে ৩৩৮ রান।
ওয়ান ডাউনে নেমে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ফার্নান্ডো। তার এই উপলক্ষটা আরও রঙিন হয়েছে কারণ এবারের বিশ্বকাপে প্রথম শ্রীলঙ্কান হিসেবে সেঞ্চুরি পেয়েছেন তিনি। তার সঙ্গে কুশল পেরেরা (৬৪) ও লাহিরু থিরিমানের (৪৫*) ঝড়ো ব্যাটিংয়ে এবারের বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের স্কোর দাঁড় করিয়েছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দুই দলের মুখোমুখি লড়াইয়ের প্রথম অর্ধটা হয়েছে দারুণ। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা চমৎকার শুরু পায় ওপেনিংয়ে। দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৪ রান। অধিনায়ক করুণারত্নে ৩২ রান করে আউট হলেও কুশল পেরেরা ৫১ বলে ৮ বাউন্ডারিতে খেলে যান ৬৪ রানের কার্যকরী ইনিংস।
তার আউটের পর কুশল মেন্ডিসকে নিয়ে ফার্নান্ডো তৃতীয় উইকেটে গড়েন ৮৫ রানের জুটি। কুশল মেন্ডিস ৩৯ রানে আউট হলেও চমৎকার ব্যাটিংয়ে ফার্নান্ডো তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১০৩ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান তিনি ১০৪ রানে ইনিংস।
মাঝে অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০ বলে করে যান ২৬ রান। আর শেষ দিকে লাহিরু থিরিমানে ৩৩ বলে ৪ বান্ডারিতে হার না মানা ৪৫ রানের ইনিংস খেললে ৩৩৮ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার জেসন হোল্ডার। ক্যারিবিয়ান অধিনায়ক ৫৯ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শেলডন কট্রেল, ওশানে থমাস ও ফ্যাবিয়েন অ্যালেন।








