ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচেও অনিশ্চিত তিনি। তার সঙ্গে মুশফিকুর রহিমকে নিয়েও দুশ্চিন্তায় দল। কিন্তু দুজনকেই একাদশে চান নির্বাচকরা। তাই লর্ডসে হতে যাওয়া এই ম্যাচে দুজনকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন তাদের জন্য অপেক্ষার কথা জানালেন, ‘মাহমুদউল্লাহ ফেরার চেষ্টা করছে। আজও (বৃহস্পতিবার) কঠোর পরিশ্রম করেছে সে। এদিকে মুশফিকের হাড়ে চিড় ধরা পড়েনি। তারপরও ম্যাচের আগে তারা কেমন বোধ করে সেটার ওপর নির্ভর করবে তাদের ম্যাচ খেলা। আমরা তাদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো।’
ভারতের মুখোমুখি হওয়ার আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে কাফ মাসলের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। একই সঙ্গে কাঁধের আগের ব্যথা তো ছিলই। তাতে ব্যাটিং করতে পারলেও ফিল্ডিংয়ে সমস্যা হতো অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। তাই পুরোপুরি ফিটনেস ফিরে পেতে ভারতের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয় তাকে। লম্বা বিরতিতে চোট কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন এই অলরাউন্ডার।
মাহমুদউল্লাহর ফেরা নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ার আগেই চোট পান মুশফিক। বৃহস্পতিবার প্রথম সেশনে ব্যাটিংয়ে গিয়ে তার ডান হাতের কনুইয়ে আঘাত করে বল। চোট পাওয়ার পর ড্রেসিং রুমে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বলের আঘাতে তাকে কাতরাতে দেখা গেছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এক্স-রে করা হয়। রিপোর্টে গুরুতর কোনও কিছু ধরা পড়েনি। তবে পুরো ফিট মুশফিককে দেখতে চায় বাংলাদেশ।








