২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজের পঞ্চম ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। হতাশ করেনি তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। মোহাম্মদ নাঈমের সেঞ্চুরিতে ৬২ রানের জয়ের পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করেছে বাংলাদেশ।
সোমবার বিকেএসপিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান করে বাংলাদেশ। জবাবে স্বাগতিক বোলারদের চমৎকার বোলিংয়ে ৪৫.১ ওভারে ২০০ রানে অলআউট হয় আফগানিস্তান।
এই ম্যাচে বাংলাদেশের চার ব্যাটসম্যান হয়েছেন রান আউটের শিকার। এরপরও নাঈমের সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি দাঁড় করে স্বাগতিকরা। ১৪৩ বলে ১১ চার ও ১ ছক্কায় নাঈম দলীয় সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস খেলেছেন। এছাড়া আফিফ হোসেন খেলেন ৫৩ রানের ইনিংস।
আফগানদের হয়ে করিম জানাত নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট শিকার ফজল নিয়াজাইয়ের।
২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ইয়াসিন আরাফাতের বোলিং তোপে খেই হারায় আফগানিস্তান। দলীয় ১৮ রানে ওপেনার ইব্রাহিমকে হারায় সফরকারীরা। দ্বিতীয় উইকেটে রহমতউল্লাহ ও শহীদুল্লাহ ৫৬ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাদের চেষ্টা বৃথা যায়।
রহমতউল্লাহ ৫৪ রান করে আউট হন। চার নম্বরে নামা অধিনায়ক নাসির জামাল সঙ্গীর ওভাবে কিছুই করতে পারেননি। ইয়াসিনের বলে ৪৭ রান করে আউট হন তিনি। মিডল অর্ডার ও লেট অর্ডারের ব্যর্থতায় ২০০ রানে অলআউট হয় আফগানরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে ইয়াসিন ৪০ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া শফিকুল ইসলাম ও আমিনুল ইসলাম পেয়েছেন ২টি করে উইকেট।








