আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। অনেক দিন পর লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের ওই সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়া তামিম ইকবাল ও খালেদ আহমেদের সঙ্গে বাদ পড়লেন মোস্তাফিজ। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন বাঁহাতি এই পেসার।
ব্যস্ত সূচি কাটানোর পর তামিম এই টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন।
এই তিনজনের জায়গায় ১৫ জনের দলে ঢুকেছেন সাকিব আল হাসান, মোসাদ্দেক ও তাসকিন। নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব, মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ওই সফরে গিয়েছিল। সবশেষ মোসাদ্দেক টেস্ট খেলেন গত বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৭ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন তাসকিন, সবশেষ এই পেসার টেস্ট খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে। সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলার সময় পায়ে চোট পেয়ে নিউজিল্যান্ডে সফরে যাওয়া হয়নি তার, একই কারণে সুযোগ পাননি বিশ্বকাপ দলেও। অবশেষে আফগানিস্তান টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরলেন তিনি।
ফিটনেস ফিরে পাওয়ায় তাসকিনকে দলে নেওয়া হয়েছে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘তাসকিন শেষবার নিউজিল্যান্ড সফরের দলে ছিল, কিন্তু হঠাৎ করে ইনজুরিতে বাদ পড়ে। চোট কাটিয়ে বিসিবি একাদশের হয়ে খেলেছে ভারতের বেঙ্গালুরুতে। সেখানে লঙ্গার ভার্সনের ক্রিকেটে যথেষ্ট ভালো করেছে সে। আপাতত তার কোনও সমস্যা দেখছি না, তাই দলে রাখা হয়েছে। আশা করি সে পারফরম্যান্স দিয়ে প্রত্যাশা পূরণ করতে পারবে।’
চট্টগ্রামে পৌঁছে ম্যাচের একাদশ কেমন হবে, সেটা ভাববেন মিনহাজুল আবেদীন, ‘আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে পরিকল্পনা করে দল গঠন করেছি। সবসময় দলে স্পিনারদের আধিক্য বেশি থাকে। এবার আমরা পেসারদেরও রেখেছি। আমাদের একাদশ কেমন হবে সেটা আমরা চট্টগ্রামে গিয়ে সিদ্ধান্ত নেবো।’
এই ম্যাচ খেলতে আগামী রবিবার চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। ওইদিনই আফগানিস্তান দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৫ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে আফগানিস্তান ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ।
টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।







