বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়েছেন আব্দুর রাজ্জাক। থামছেন না এই অভিজ্ঞ স্পিনার। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও তিনি দুর্দান্ত।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা-রংপুর। প্রথম ইনিংসে রাজ্জাকের ঘূর্ণিতে রংপুর গুটিয়ে যায় ২২৪ রানে। সুবিধা করতে পারেনি খুলনাও, মেহেদী হাসানের সেঞ্চুরিতে তাদের প্রথম ইনিংস শেষ হয় ২৩৩ রানে। রবিবার দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রংপুর ৪ উইকেটে করেছে ৬৭।
এখানেও চলছে রাজ্জাকের ঘূর্ণি জাদু। দ্বিতীয় ইনিংসে রংপুরের হারানো ৪ উইকেটের তিনটিই তার। এই স্পিনারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মেহেদী মারুফ (২৩), সোহরাওয়ার্দী শুভ (২৪) ও নাঈম ইসলাম (১১)।
প্রথম ইনিংসে ৬৯ রান নিয়ে ৭ উইকেট পেয়েছিলেন রাজ্জাক। আর দ্বিতীয় ইনিংসে ১২ রান খরচায় তার শিকার ৩ উইকেট। রংপুরের হারানো অন্য উইকেটটি আব্দুল হালিমের।
এর আগে মেহেদী হাসানের সেঞ্চুরিতে ২৩৩ রানে শেষ হয় খুলনার প্রথম ইনিংস। টপ অর্ডারের ব্যর্থতার পর তিনি ১৫০ বলে খেলেন ১১৯ রানের ইনিংস। রুবেল হোসেন অপরাজিত ছিলেন ৩৬ রানে।
কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সুবিধাজনক জায়গায় ঢাকা। প্রথম ইনিংসে রাজশাহীকে ২৩০ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৪।
সেঞ্চুরির সুবাস পাচ্ছেন ঢাকার দুই ব্যাটসম্যান তাইবুর রহমান (৯৩*) ও শুভাগত হোম (৯২*)। ভারতের বিপক্ষে টেস্টে সুযোগ পাওয়া সাইফ হাসান খুব একটা সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন ২৮ রানে।







