জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছর জুড়েই নানা আয়োজন থাকছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ নিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় বাংলাদেশসহ এশিয়ার বাকি তিনটি দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়েই এশিয়া একাদশের দল গড়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়দের বাদ দিয়েই দুটি ম্যাচ আয়োজন করবে বিসিবি!
সমস্যাটা বেঁধেছে মূলত পাকিস্তানের বোর্ড সভাপতি এহসান মানির মন্তেব্যের কারণে। চলতি সপ্তাহের শুরুর দিকে পিসিবির চেয়ারম্যান ভারতের চেয়েও পাকিস্তানকে নিরাপদ বলে দাবি করেন। এর কয়েকদিন পর বৃহস্পতিবার তার শোধ নিলো ভারত! বিসিসিআইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক জয়েশ জর্জ বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকবে না। এটাই বার্তা, তাই দুই দেশের খেলোয়াড়দের একত্রে আসার বা দলে নেওয়ার প্রশ্নই আসে না।’
জয়েশ জর্জের দাবি অমূলক নয়। বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায় এটি পরিষ্কার হয়েছে যে পাকিস্তানি ক্রিকেটাররা থাকছেন না এশিয়া একাদশে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড় এলে ভারতীয় ক্রিকেটাররা আসবেন কি না জানতে চাইলে বিসিবি সভাপতি বেশ কৌশলী ব্যাটিংয়ে বলেছেন, ‘আমাদের সঙ্গে এরকম কোনো কথা হয়নি। ম্যাচটি হবে এশিয়া বনাম বিশ্ব একাদশ। এখানে যাদের পাওয়া যাবে, তারা খেলবে। আমাদের তরফ থেকে এমন কিছু বলা হয়নি।’
সম্পূরক এক প্রশ্নে বিসিবি সভাপতি বিষয়টিকে এড়িয়ে যেতে পারেননি, ‘পাকিস্তান একমাত্র দেশ যারা আমাদের বলেছিলো তাদের মার্চ মাসে পিএসএল আছে। ওরা (পাকিস্তান) তারিখ পরিবর্তন করতে বলেছিল। আমরা বলেছি সম্ভব নয়। ১৮ থেকে ২২ এর মধ্যেই করতে হবে আমাদের। এরপর আর সাড়া দেয়নি।’
আরও পড়ুন-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্রিকেটে পাকিস্তানিদের এশিয়া একাদশে চায় না ভারত








