মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনের দলবদল শেষ করেছে ছয়টি ক্লাবের ২০ জন ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটাররা বৃহস্পতিবার সিলেটে দলবদলে অংশ নেবেন। তবে মিরপুরে আরও একদিন চলবে দলবদলের আনুষ্ঠানিকতা। আগামী ১৫ মার্চ থেকে কক্সবাজার ও চট্টগ্রামে শুরু হবে জমজমাট ঢাকা লিগের প্রথম তিন রাউন্ডের খেলা।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিসিডিএমের কার্যালয়ে সকাল ১২টা থেকে ৪টা পর্যন্ত দলবদলে অংশ নেন ক্রিকেটাররা। সবার আগে দলবদল করতে আসেন ইমরুল কায়েস। তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্স থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব নাম লিখিয়েছেন। এই ক্লাবে ইমরুলের সঙ্গী ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
চলতি প্রিমিয়ার লিগে কোনও ক্লাবই বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে না। বিসিবি ও সিসিডিএমের নেওয়া এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইমরুল, ‘সবাই আসলে উন্মুখ থাকে নিজের ইচ্ছামতো টিমে যেতে। আরেকটা সিদ্ধান্ত খুব ভালো হয়েছে, বিদেশি না খেলানো। বাংলাদেশের স্ট্যান্ডার্ড এখন আর ওরকম নেই যে বিদেশি প্লেয়ার এনে স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এখন এত ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে যারা আসলে অন্য বিদেশিদের কাছাকাছি। এতে একজন বাড়তি স্থানীয় খেলোয়াড় খেলার সুযোগ পাবে।’
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে বুধবার নাম লিখিয়েছেন রুবেল হোসেন। জাতীয় দলের পেসার গত মৌসুমে আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেন। বিকেলে দলবদল শেষে সংবাদ মাধ্যমকে রুবেল জানান, ‘আবাহনীতে খেলার আগে টানা তিন বছর প্রাইম ব্যাংকে ছিলাম, তো প্রাইম ব্যাংক আমার কাছে পরিচিত একটা দল। ওরা ভালো মানের দল গড়েছে। সব ধরনের প্লেয়ার আছে। ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডারে ভালো ভালো প্লেয়ার আছে, পেস বোলিংয়ের দিকটাও ভালো করেছে। সব মিলিয়ে খুব ব্যালান্সড একটা দল হয়েছে।’
ইমরুলের মতো রুবেলও বিদেশি খেলোয়াড় না থাকাটাকে ইতিবাচক বলছেন, ‘বিদেশি খেলোয়াড় থাকলে একজন স্থানীয় খেলোয়াড়কে বসে থাকতে হতো। আমার কাছে মনে হয় এটা অবশ্যই স্থানীয় খেলোয়াড়দের জন্য বাড়তি সুবিধা।’
টেস্ট অধিনায়ক মুমিনুল লিজেন্ড অব রূপগঞ্জ ছেড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সে নাম লিখিয়েছেন। সৌম্য-আকবর-আরিফুল-জাকির-ইয়াসিরদের নিয়ে দারুণ দল হয়েছে গাজী গ্রুপ। নিজেদের দল নিয়ে দারুণ সন্তুষ্ট মুমিনুল, ‘সৌম্য আছে, অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান ক্যাপ্টেন আছে, রিয়াদ ভাই আছেন। সবদিক দিয়ে ভারসাম্যপূর্ণ দল হয়েছে।’
আসন্ন লিগে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ না রাখায় মুমিনুল বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘বোর্ডকে এবং সিসিডিএমকে সাধুবাদ দেওয়া উচিত। কমপক্ষে একজন বাড়তি স্থানীয় খেলোয়াড় খেলার সুযোগ পাবে। আমার কাছে মনে হয় এটা অনেক বড় সুযোগ।’
প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠেছে পারটেক্স গ্রুপ। মোহামেডান স্পোর্টিং থেকে এই দলে নাম লিখিয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। এই লেগ স্পিনার ছাড়াও পেসার ইমরান আলী বুধবার পারটেক্সে নাম লিখিয়েছেন।
দ্বিতীয় দিনে যারা দল বদল করলেন-----------
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ইমরান আলী, জুবায়ের হোসেন
শেখ জামাল ধানমন্ডি: ইমরুল কায়েস
ব্রাদার্স ইউনিয়ন: সবুজ বর্মন, মানিক খান, রাহাতুল ফেরদৌস
লিজেন্ড অব রূপগঞ্জ: সাদমান ইসলাম, পিনাক ঘোষ, রুহেল আহমেদ, শাসসুল ইসলাম ও আল আমিন জুনিয়র
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: রুবেল হোসেন
গাজী গ্রুপ ক্রিকেটার্স: মুমিনুল হক, সৌম্য সরকার, আকবর আলী, জাকির হাসান, আরিফুল হক, ইয়াসির আলী, নাহিদ হাসান ও মুকিদুল ইসলাম।








