২০২১ সালের শুরুতে প্রথমবারের মতো বাংলাদেশে হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে মেয়েদের এই টুর্নামেন্টটি হওয়ার আশা দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির উইমেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার এই পরিস্থিতিতে (মেয়েদের অনূর্ধ্ব-১৯) বিশ্বকাপ যথাসময়ে আয়োজন নিয়ে শঙ্কা আছে। সবচেয়ে বড় কথা আইসিসি আমাদের এ ব্যাপারে কোনও কিছু বলেনি। আমরাও কোনও আলোচনা করিনি। যতদূর মনে হচ্ছে, যথাসময়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নেই আসলে।’
গত ১৫ অক্টোবর আইসিসির বোর্ড সভা শেষে দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, স্বাগতিক বাংলাদেশসহ ১০ দল নিয়ে হবে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অতীতে ছেলেদের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুব বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক হিসেবে মেয়েদের এই প্রতিযোগিতাটি নিয়ে বড় কোনও চ্যালেঞ্জ ছিল না বিসিবির সামনে। কিন্তু করোনা পরিস্থিতিতে টুর্নামেন্টটি হওয়া নিয়েই শঙ্কা জন্মেছে।
বিশ্বকাপ যথাসময়ে না হলেও নারী দল প্রস্তুত বলে জানালেন উইমেন্স কমিটির চেয়ারম্যান, ‘যথাসময়ে বিশ্বকাপ না হলেও আমাদের মেয়েরা কিন্তু প্রস্তুত। তাদেরকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছিল। যেহেতু ঘরের মাঠে খেলা আর আমাদের প্রথম অনূর্ধ্ব-১৯ দল, তাই আমরা তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছিলাম। যদিও করোনার কারণে তারা কিছুটা হলেও ছন্দহীন হয়ে পড়েছে। করোনা শেষ হলে পুরো দলকে প্রস্তুত করতে খুব বেশি সময় লাগবে না।’







