অবিশ্বাস্য মূল্যে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে ব্যানটেক নামের একটি বিজ্ঞাপনী সংস্থা। ওপেন বিডিংয়ের মাধ্যমে বাংলাদেশভিত্তিক মার্কেটিং এজেন্ট প্রতিষ্ঠানটি স্বত্ব কিনেছে ১৭ কোটি ৯৭ লাখ টাকায়। বিডিংয়ে ব্যানটেক ছাড়াও অংশ নিয়েছিল দুই টিভি চ্যানেল- গাজী টিভি ও টি স্পোর্টস।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘ব্যানটেক সর্বোচ্চ মূল্য দিয়ে আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। তাদের চ্যানেল আছে। আমরা যে ডকুমেন্ট তাদের থেকে পেয়েছি সে হিসেবে তাদের নির্ধারিত চ্যানেলে দেখাবে। তবে তারা নিজেদের চ্যানেল কিংবা অন্য কোনও প্রতিষ্ঠিত চ্যানেলে এ স্বত্ব বিক্রি করতে পারবে।’
বিসিবি সূত্রে জানা গেছে, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্টের জন্য সম্প্রচার বাবদ ১৭ কোটি ৯৭ লাখ টাকা দেবে ব্যানটেক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৬ বছর আগে গাজী টেলিভিশনের কাছে ২ কোটি ২৫ হাজার ডলারে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছিল।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য তিনটি প্রতিষ্ঠানই কাছাকাছি বিড করেছে। গাজী টিভির বিডিংয়ের পরিমাণ ১৭ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, আর টি স্পোর্টসের ১৭ কোটি ৯০ লাখ টাকার।
এই মুহূর্তে বিসিবি দীর্ঘমেয়াদে দরপত্র আহ্বান করছে না। আপাতত বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার লক্ষ্য সিরিজ বাই সিরিজ এগিয়ে সম্প্রচার স্বত্ব বিক্রি করা। তার পরেও করোনাকালের মতো মহামারিতেও মাত্র একটি সিরিজেই বিসিবি আয় করছে প্রায় ১৮ কোটি টাকা!








