রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচেও হারের বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ লেজেন্ডস। এবার শ্রীলঙ্কা লিজেন্ডসের কাছে ৪২ রানে হেরেছেন রফিক-পাইলটরা।
ভারতের রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ করেছিল শ্রীলঙ্কা লিজেন্ডস। বড় সংগ্রহের পথে সবচেয়ে বেশি অবদান উপুল থারাঙ্গার। তবে আক্ষেপও আছে সদ্য অবসর নেওয়া ব্যাটসম্যানের। ১ রানের জন্য সেঞ্চুরি পাননি, ৯৯ রানে অপরাজিত থাকেন তিনি।
মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রফিক ও রাজিন সালেহ নিয়েছেন একটি করে উইকেট।
১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ লিজেন্ডস ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রানে থামে। ফলে ৪২ রানে জয় পায় লঙ্কানরা। বাংলাদেশের নাজিমউদ্দিন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। এছাড়া খালেদ মাসুদ পাইলট অপরাজিত ২৮ ও মেহরাব হোসেন অপি ২৭ রানের ইনিংস খেলেছেন।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে হারে লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড লেজেন্ডদের কাছে হারে ৭ উইকেটে।
লিগ পর্বে আর দুটি ম্যাচ বাকি আছে রফিকদের। ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।








