গত কিছুদিন ধরে সাকিব আল হাসানের আইপিএলে খেলতে চাওয়া চিঠি নিয়ে আলোচনা হচ্ছে খুব। ওই চিঠিতে সাকিব আইপিএল খেলতে ছুটি চাইলেও টেস্ট না খেলার ব্যাপারে কিছু বলেননি। কিন্তু একটি লাইভ অনুষ্ঠানে সাকিব বলেছিলেন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান তার চিঠি না পড়েই এনিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এদিকে বোর্ড প্রধান নাজমুল হাসান দাবি করেছেন, সাকিব নাকি আগেই টেস্ট খেলতে চান না বলে তাকে চিঠি দিয়েছিলেন!
বিসিবি সভাপতি সাক্ষাৎকার দিয়েছেন একটি জাতীয় দৈনিকে। সেখানে বোর্ড সভাপতি এমনটাই দাবি করেছেন, ‘এর আগেও সে চিঠি দিয়েছিল সে টেস্ট খেলতে চায় না। আমাকে চিঠি দিয়েছিল আগে, সে টেস্ট খেলবে না। আপনি জানেন কীনা জানি না (২০১৭ দক্ষিণ আফ্রিকা সফরে)।’
তবে এবার আইপিএল খেলতে সাকিব ফোনও করেছিলেন বলে জানান নাজমুল হাসান, ‘‘ও আমাকে ফোন করে বলেছে যে আইপিএল খেলতে চায়। আমি বললাম, ‘তুমি এটা কী বল? আমার শ্রীলঙ্কা (সিরিজ), আমরা এখন এত খারাপ খেলছি। তোমাকে তো পেলাম না গত কয়েকদিন। ভারতে পেলাম না, পাকিস্তানে পেলাম না, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও পেলাম না। সেই জায়গায় এখন আরেকটা সিরিজ আছে এখানে তোমাকে কীভাবে অনুমতি দেই?’ তো ওর কথা শুনে মনে হলো যে ও যাবেই। তখন হঠাৎ করে আমার মনে হলো ঠিকাছে জোর করে তো খেলিয়ে লাভ নেই। তারপরে বললাম, ‘চিঠি দাও।’ সে চিঠি দিয়েছে।’’
বোর্ড প্রধান আরও বলেছেন, ‘বোর্ডের অনেকেই রাজী ছিল না। আমিই বলেছি না দিয়ে দাও (অনুমতি)। এখানেই তো শেষ। ওই সিরিজে যাওয়া, না যাওয়া ওখানেই শেষ। এরপর তো আমি আর কথাও বলিনি। আমি একটা কথা বলেছিলাম কে কোন ফরম্যাট খেলতে চায় এটা আমরা মে-জুন মাসের মধ্যে জেনে নিতে চাই।’
সোমবার দিবাগত রাতে হুট করে সাকিব দেশে ফিরেছেন। এটা কি বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে, এছাড়া চলমান ইস্যুগুলো নিয়েও সাকিবের সঙ্গে আলোচনা করার সুযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বোর্ড প্রধান বলেছেন, ‘আমি চাই না। ও (সাকিব) নিজে থেকে যোগাযোগ না করলে আমি কথাও বলবো না। আমার অনেক কাজ আছে, ব্যস্ততা আছে বাংলাদেশ দল নিয়ে।’







