বোলিং মূল কাজ হলেও জাতীয় লিগের প্রথম রাউন্ডে ব্যাটসম্যান হয়ে উঠলেন শহীদুল ইসলাম। প্রতিযোগিতামূলক ক্রিকেটে চার হাফসেঞ্চুরি থাকলেও ছিল না কোনও সেঞ্চুরি। সেই ঘরটাও পূর্ণ হয়ে গেল ঢাকা মেট্রোর হয়ে দারুণ শতকে। শহীদুলের সেঞ্চুরিতে জয়ের খুব কাছে ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরে রাজশাহী-বরিশালের ম্যাচ রোমাঞ্চকর শেষের অপেক্ষায়। চট্টগ্রামের জিততে চাই ৫ উইকেট, অন্যদিকে রাজশাহী করতে হবে ১৩৬।
আজ (বুধবার) বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রো পেয়েছে আরেকটি সেঞ্চুরি। আগের দিনের মার্শাল আইয়ুকের শতকের পর তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন পেসার শহীদুল। তার সেঞ্চুরিতে ৪১৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা মেট্রো। প্রথম শ্রেণির ক্রিকেটে শহীদুলের এটি প্রথম সেঞ্চুরি। এর আগে ৮৩ রান ছিল সর্বোচ্চ। ১৫০ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেছেন তিনি। তাকে সঙ্গ দিয়ে আবু হায়দার রনি করেন ৩৯ রান। এর আগে বল হাতে শহীদুল পেয়েছিলেন ১ উইকেট।
১৭২ রানে পিছিয়ে থেকে বরিশাল দ্বিতীয় ইনিংস শুরু করেছে। তৃতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭৭ রান। ৫ রান এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বরিশাল করেছিল ২৪১ রান।
ঢাকা মেট্রোর সেঞ্চুরিয়ান শহীদুল ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়া আবু হায়দার ২টি এবং আরাফাত সানি ও শামসুর রহমান একটি করে উইকেট নিয়েছেন।
এদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় স্তরের এই ম্যাচে দুই দলের সামনে জয়ের সমান সুযোগ।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৫ উইকেট হারিয়ে ৪৩ রান করা চট্টগ্রাম তৃতীয় দিনে ভালো করতে পারেনি। ফরহাদ রেজা, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়ের বোলিংয়ের সামনে ১৪৭ রানে অলআউট হয় তারা। প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন ইরফান শুক্কুর।
রাজশাহী জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্য পায়। সেই লক্ষ্য স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৭ রান। জিততে আরও ১৩৬ রান করতে হবে ফরহাদ রেজাদের। অন্যদিকে চট্টগ্রামের চাই ৫ উইকেট।









