ভারত-বাংলাদেশ মিলিয়ে ১৯ দিন কোয়ারেন্টিনে ছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়ে বুধবার একদিন অনুশীলন করেই প্রস্তুতি ম্যাচে নামতে হয়েছে তাদের। আজ (বৃহস্পতিবার) বিকেএসপিতে হওয়া সেই প্রস্তুতি ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি আইপিএল ফেরত দুই ক্রিকেটার। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি সাকিব, অন্যদিকে বল হাতে সাফল্য নেই মোস্তাফিজের। সাকিবের অবশ্য বোলিংয়ে সুযোগ আছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। বিকেএসপিতে তামিম ইকবালের লাল দলের বিপক্ষে ব্যাট করছে মাহমুদউল্লাহর সবুজ দল। মাহমুদউল্লাহরা টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ২৮৪ রান।
সাকিব খেলছেন মাহমুদউল্লাহর সবুজ দলের হয়ে। বাঁহাতি ব্যাটসম্যান শুরুটা পেয়েছিলেন দারুণ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় ইনিংসের ইঙ্গিত ছিল তার ব্যাটিংয়ে। কিন্তু বেশিদূর যেতে পারেননি। ২০ বলে ২৮ রান করে আউট হয়েছেন তিনি। মেহেদী হাসানের বলে বোল্ড হওয়ার আগে মেরেছেন ২ বাউন্ডারি। মোহাম্মদ মিঠুন করেছেন ৩ রান। তারা দুজন সুবিধা করতে না পারলেও সবুজ দলের টপ অর্ডারের অন্যরা আলো ছড়িয়েছেন।
সবুজ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান আফিফ হোসেন। তরুণ এই ব্যাটসম্যান ৫৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে যান। ইনিংসটি সাজান ৭ চার ও ৩ ছক্কায়। অধিনায়ক মাহমুদউল্লাহ ৬ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৬২ রান করে স্বেচ্ছায় অবসরে যান।
ওপেনার সৌম্য ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। আরেক ওপেনার নাঈম শেখ ৪৩ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ ১৬ বলে করেন ১৭ রান।
তামিমের দলের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান। ৯ ওভারে ৪০ রান খরচায় তার শিকার ২ উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের পেসার শরিফুল। মোস্তাফিজ ৭ ওভারে ৪৮ রান দিলেও উইকেট পাননি। সাইফউদ্দিনও ৯ ওভারে ৬৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।








