দলের কঠিন সব পরিস্থিতিতেই বুক চিতিয়ে লড়াই করে থাকেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ওয়ানডেতেও একই কাজটি করেছেন বেশ সাবলীলভাবে। সর্বশেষ দ্বিতীয় ওয়ানডেতে দুই দফা বৃষ্টি-বাধা টপকে মুশফিক পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। নিশ্চিতভাবেই বিপর্যস্ত অবস্থা থেকে প্রাপ্ত এমন সেঞ্চুরি মুশফিকের কাছে ‘স্পেশাল’ কিছু। কিন্তু মুশফিক বিষয়টাকে দেখেন একটু অন্যভাবে।
ম্যাচ শেষে মুশফিক বলেছেন, ‘আমার মনে হয় এটা শুধু আরেকটা সেঞ্চুরি। তবে দল যখন জেতে, তখন প্রত্যেকটা সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল। সেদিক থেকে অবশ্যই এটা স্পেশাল।'
টেস্ট খেলুড়ে বেশ কিছু দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার ইতিহাস থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিল না। নিজেদের নবম সিরিজ খেলতে নেমে অবশেষে সেই স্বাদ পেয়েছে বাংলাদেশ। এমন অর্জনের মুহূর্তে এই সেঞ্চুরি মুশফিকের জন্য তাই আরও স্পেশাল, ‘এটা আরেকটু স্পেশাল কারণ আমরা শ্রীলঙ্কার সঙ্গে কখনও সিরিজ জিতিনি। সেঞ্চুরির কারণে জিততে পেরেছি। এখন এটি অবশ্যই সামনের দিনে ভালো করতে আমাকে অনুপ্রেরণা দেবে।'
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই দলের বিপর্যয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে আরও কঠিন পরিস্থিতির সামনে ছিলেন এই উইকেটকিপার। চাপের মাঝে থেকেও ঠাণ্ডা মাথায় খেলেছেন দারুণ একটি ইনিংস। সবই ঠিক ছিল কিন্তু শেষ ১১ টি বল খেলতে না পারায় আক্ষেপে পুড়ছেন তিনি, ‘আরও এগারোটা বল বাকি ছিল। ক্লোজ গেমে এই এগারো বলে ১০ বা ২০ রান করতে পারলে আমরা আরও এগিয়ে থাকতাম। সেদিক থেকে আমার ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা রয়েছে বলতে হবে।'









