বাঁচা-মরার লড়াই রেলিগেশন লিগে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছিল লেজেন্ডস অব রূপগঞ্জ। যারাই হারবে, নেমে যেতে হবে প্রথম বিভাগে— এমন সমীকরণ নিয়ে মাঠে নামাটা নিশ্চিতভাবেই চাপের। সেই চাপ জয় করে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে থাকলো সাব্বির রহমানদের রূপগঞ্জ। ২ উইকেট নেওয়ার পর ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলা নাঈম ইসলামই মূলত অবনমন ঠেকিয়েছেন রূপগঞ্জের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বৃষ্টির বাধায় ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করে ডিওএইচএস। ডাকওয়ার্থ-লুইস মেথডে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ১৮ ওভারে ১২২। সেই লক্ষ্যে খেলতে গিয়ে শুরুতেই হোঁচট খায় রূপগঞ্জ। ২৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কোণঠাসা দলকে ম্যাচে ফিরিয়ে আনেন সাব্বির-মারুফ জুটি। দুজন মিলে তৃতীয় উইকেটে ৬১ রান যোগ করেন। মারুফ ২২ বলে ৩০ রান করে আউট হওয়ার পর ফিরে যান সাব্বিরও। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান ৩১ বলে খেলেন ৩০ রানের ইনিংস। এরপর আল আমিন ও নাঈমের অবিচ্ছন্ন ৩৭ রানের জুটি দলকে জয়ের বন্দরে নিয়ে যায়।
দলের জন্য ২৭ বলে ৩২ রান প্রয়োজন, তখন ক্রিজে নামেন নাঈম। দারুণ ব্যাটিংয়ে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৭ রানে দলকে অবনমনের হাত থেকে রক্ষা করেন তিনিই। ফলে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তার হাতে।
ডিওএইচএসের বোলারদের মধ্যে আব্দুর রশিদ ৩ উইকেট নেন। এছাড়া আসাদুজ্জামান পায়েল নেন একটি উইকেট।
এর আগে আনিসুল হক ইমনের ৩৯ বলে ৫১ রানের ইনিংসের ওপর ভর করে ডিওএইচএস ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করে। ম্যাচ শুরুর ১২ ওভার না যেতেই প্রথমবার হানা দেয় বৃষ্টি। এরপর আরও দুইবার বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। শেষ পর্যন্ত রূপগঞ্জ বৃষ্টি আইনে ১৮ ওভারে ১২২ রানের লক্ষ্য পায়।
রূপগঞ্জের বোলারদের মধ্যে হোসেন আলী ৩ উইকেট নিয়েছেন। এছাড়া নাঈম ইসলাম নেন ২ উইকেট।
প্রসঙ্গত, প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে রূপগঞ্জের পয়েন্ট ৯। অন্যদিকে ১৩ ম্যাচ শেষে ওল্ড ডিওএইচএসের পয়েন্ট ৮। রেলিগেশন লিগে খেলা পারটেক্স স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে নেমে গেছে প্রথম বিভাগে।
এর আগে বৃষ্টি থাকায় সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি পরিত্যক্ত হয়। প্রথম দিন ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ হলে রিজার্ভ ডেতে গড়ায়। কিন্তু বৃষ্টির আজও ম্যাচটি হতে দেয়নি। ফলে দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে।









