চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি কেন উইলিয়ামসন। এই সুযোগে না খেলেও টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যান স্টিভেন স্মিথ। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পারফরম্যান্সে আবার শীর্ষস্থানে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ভারতকে হারিয়ে টেস্টের ‘বিশ্বকাপ’ জেতার পর ব্যাটিং র্যাঙ্কিংয়ের সিংহাসনে বসলেন তিনি।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ ব্যাটসম্যান উইলিয়ামসন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ৫২* রানে আবারও টেস্ট শীর্ষে ফিরেছেন কিউই অধিনায়ক। তিনি চূড়ায় বসায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে ১০ রেটিং পয়েন্ট কম থাকা স্মিথকে। শীর্ষ পাঁচের বাকি জায়গাগুলো পূরণ করেছেন যথাক্রমে- মার্নাস লাবুশেন, বিরাট কোহলি ও জো রুট।
উইলিয়ামসনের সঙ্গে উন্নতি হয়েছে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরের। সাউদাম্পটনের ফাইনালের প্রথম ইনিংসে মাত্র ১১ রান করলেও দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ার পথে খেলেন ৪৭* রানের ইনিংস। ওই পারফরম্যান্সই তাকে তিন ধাপ এগিয়ে বসিয়েছে ১৪তম স্থানে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রাহক ডেভন কনওয়ে (৫৪) ১৮ ধাপ এগিয়ে রয়েছেন ৪২ নম্বরে।
বোলিং র্যাঙ্কিংয়ে কাইল জেমিসন, যিনি ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন, এই পেসার ক্যারিয়ারসেরা ১৩ নম্বরে উঠে এসেছেন। আরেক পেসার ট্রেন্ট বোল্ট দুই ধাপ এগিয়ে আছেন ১১ নম্বরে। শীর্ষ পাঁচে অবশ্য কোনও পরিবর্তন নেই। চূড়ায় থাকা প্যাট কামিন্সের পরের জায়গাগুলোয় যথাক্রমে- রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজেলউড ও নিল ওয়াগনার।
টেস্টের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বদল হয়েছে। মাত্র এক সপ্তাহ শীর্ষে থেকে আবার নেমে যেতে হয়েছে রবীন্দ্র জাদেজাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাট-বল হাতে নিষ্প্রভ থাকায় তিনি দ্বিতীয় স্থানে নেমে যাওয়ায় আবার শীর্ষে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।









