বলার অপেক্ষা রাখে না মিরপুরের টার্নিং উইকেটে স্পিনারদের দিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দুই পেসার নিয়ে নামলেও শুরু থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন স্পিনাররা। তবে মিরপুরের এই টার্নিং উইকেটে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জন্যও দারুণ সহায়ক। ফলে মোস্তাফিজও পেয়েছেন সাফল্য। আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচেও কি একই কৌশল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ?
স্বভাবগত কারণেই মিরপুরে টার্নিং উইকেট। কখনও কখনও ব্যাটসম্যানরা সহায়তা পেলেও স্পিনারদের বাড়তি সুবিধা সবসময়ই থাকে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিততে গেলে বাংলাদেশ কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়েই জিততে হবে। তাই আজ দ্বিতীয় ম্যাচেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামার সম্ভাবনা স্বাগতিকদের। তবে ব্যাটিংয়ে আগের ভুলগুলো শুধরাতে হবে নিশ্চিত।
মাহমুদউল্লাহও সেভাবেই ভাবছেন। আগের ম্যাচের ভুলগুলো শুধরে পজিটিভ ও আক্রমণাত্মক ক্রিকেট খেলে টানা দ্বিতীয় জয়ের আশায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘ছোট পুঁজি ডিফেন্ড করতে গেলে আপনাকে আক্রমণাত্মক মানসিকতা রাখতে হবে। তারা (অস্ট্রেলিয়া) বেশ ভালো প্রতিপক্ষ এবং আগামী ম্যাচে আমাদের আজকের (মঙ্গলবার) ভুলগুলো শুধরাতে হবে। বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচই জেতার তাড়না থাকতে হবে।’
ব্যাটিং ভালো না হলেও বোলিংয়ে বাংলাদেশ দল ছিল দুর্দান্ত। ফিল্ডিংয়ে নিজেদের সেরাটাই দিয়েছে টিম বাংলাদেশ। বৃত্তের ভেতরে ফিল্ডিং ছিল অসাধারণ। ১২০ বলের মধ্যে ৫৬ বলই ছিল ডট। গুরুত্বপূর্ণ সময়ে কোনও ক্যাচ মিস হয়নি ফিল্ডারদের। সব মিলিয়েই সফল ছিল বাংলাদেশ। সিরিজে এগিয়ে যেতে আজও একই পরিকল্পনায় ক্রিকেট খেলা জরুরি। তবে ব্যাটিং কৌশল পাল্টাতে হবে নিশ্চিত!









