দলের অবস্থা যাই হোক, ব্যাট হাতে রীতিমতো বসন্ত চলছে জো রুটের। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দুই ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তারই পুরস্কার আইসিসির নতুন টেস্ট র্যাঙ্কিংয়ে। ব্যাটিং তালিকায় পঞ্চম স্থান থেকে দুইয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। নিঃশ্বাস ফেললেন শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের ঘাড়ে।
লর্ডস টেস্ট হেরেছে ইংল্যান্ড। নাটকীয় শেষ দিনে ভারতীয় পেসারদের তোপে ১৫১ রানে হার মানতে হয় স্বাগতিকদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। এই দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন রুট। দ্বিতীয় টেস্ট হারলেও প্রথম ইনিংসে এই ব্যাটসম্যান খেলেছিলেন হার না মানা ১৮০ রানের অসাধারণ এক ইনিংস। ট্রেন্ট ব্রিজের প্রথম টেস্টে করছিলেন ১০৯ রান।
দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রুটের। পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ইংলিশ অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৮৯৩। পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনকে। তাকে ডাকছে এখন শীর্ষস্থান। ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে চলমান সিরিজে পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারলে হয়তো দ্রুতই এক নম্বর ব্যাটসম্যানের সুখবর পাচ্ছেন রুট।
রুটের উন্নতি হলেও জায়গা নড়চড় হয়নি বিরাট কোহলির। আগের মতো পাঁচ নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক। তবে ওপেনার লোকেশ রাহুল দিয়েছেন বড় লাফ। ১৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের টেস্ট সিরিজের পারফরম্যান্সও যুক্ত হয়েছে নতুন র্যাঙ্কিংয়ে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রথম টেস্টে ৩০ ও ৫৫ রান করে দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ছয়ে।
বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জেমস অ্যান্ডারসনের। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া এই পেসার এক ধাপ এগিয়ে আছেন ষষ্ঠ স্থানে। মার্ক উড ও মোহাম্মদ সিরাজও এগিয়েছেন। দুজন আছেন যথাক্রমে ৩৭ ও ৩৮ নম্বরে। টেস্টের বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।









