আনুষ্ঠানিকভাবে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২০:৩৫

গত জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। সতীর্থদের এ ব্যাপারে জানালেও গণমাধ্যম ও বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। তবে বুধবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়ে ফেলেছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেছেন, ‘অনেক দিন ধরে খেলা আসা ফরম্যাটকে বিদায় বলা সহজ কাজ নয়। আমি সবসময় উন্নতি করার চেষ্টা করেছি এবং বিশ্বাস করি টেস্টকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।’

এসময় বিসিবিকে ধন্যবাদ জানান তিনি, ‘টেস্ট দলে ফিরতে সমর্থন দেওয়ার জন্য বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে উৎসাহ দেওয়া ও সামর্থ্যের ওপর বিশ্বাস রাখার জন্য সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয় এবং অনেক স্মৃতি আমি রোমন্থন করবো।’

টেস্ট ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ, ‘যদিও আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি, আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবো এবং সাদা বলে খেলার সময় দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।’

অফ ফর্মে টেস্ট ফরম্যাট থেকে আগেই বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। ১৬ মাস পর গত জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে দারুণ এক ইনিংসও খেলেছেন। উপহার দেন ১৫০ রানের অপরাজিত ইনিংস। কিন্তু এমন ইনিংস খেলার পরদিনই অভিমানে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। পরে বিসিবির মধ্যস্থতায় শেষ পর্যন্ত আর ঘোষণার আনুষ্ঠানিকতায় যাননি। তবে পাক্কা চার মাস পর মাহমুদউল্লাহ বিসিবির মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েই দিলেন।

তবে হারারে টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগেই মাহমুদউল্লাহকে ‘গার্ড অব অনার’ দিয়ে আনুষ্ঠানিকতা সেরেছেন সতীর্থরা। তখনই স্পষ্ট হয়ে যায় যে টেস্ট ক্রিকেটে আর ফিরছেন না তিনি।

মূলত গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর গুঞ্জন ওঠে মাহমুদউল্লাহ টেস্ট থেকে বাদ পড়ছেন। সেই গুঞ্জন সত্যিও হয় জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক তার পরের একমাত্র টেস্টে বাদ পড়ে। এমনকি গত বছরের মার্চে বিসিবি ঘোষিত কেন্দ্রীয় টেস্ট চুক্তিতেও ছিলেন না। 

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ দলে থিতু হতে হয় তাকে। ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলেছেন। ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৩.৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ ইনিংসে অপরাজিত ছিলেন ১৫০ রানে। বল হাতে তার নামের পাশে আছে ৪৩টি উইকেটও।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী