প্রথমার্ধে দুই গোল করে জয়ের সুবাস পাচ্ছিল শেখ জামাল ধানমন্ডি। কিন্তু বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে ছেড়েছে রহমতগঞ্জ। নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবার পর ইয়াহিয়া তোরের শেষ মিনিটের লক্ষ্যভেদে হার এড়িয়েছে দলটি। বৃহস্পতিবার নাটকীয় ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে।
সিলেট জেলা স্টেডিয়ামে ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয়েছে পুরো ম্যাচ। শেখ জামালের গাম্বিয়ান তারকা সলোমন কিং ২৩ ও ৪৪ মিনিটে জোড়া গোলে স্কোর ২-০ করেছিলেন। রহমতগঞ্জ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বিরতির পর। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ দেন দলটির কিরগিজ ডিফেন্ডার সিওভুস আশররোভ।
৭৫ মিনিটে ডিফেন্ডার আতিকুজ্জামানের কল্যাণে আবারও ব্যবধান বেড়েছিল শেখ জামালের। কিন্তু নাটকীয়ভাবে শেষ মুহূর্তের দুই গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রহমতগঞ্জ। ৯০ মিনিটে সানডে স্কোরলাইন ৩-২ করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইয়াহিয়া তোরের গোলে নিশ্চিত হয়, পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে শেখ জামালকে।
৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেখ জামাল দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে রহমতগঞ্জ এই প্রথম পয়েন্ট পেলো। পুরনো ঢাকার দলটি আছে টেবিলের ১১তম স্থানে।








