নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছে ফিজি। প্রথমবারই তিক্ত অভিজ্ঞতা হলো দলটির। ইংল্যান্ডের সঙ্গে ২৯৯ রানের বিশাল ব্যবধানে হারলো ফিজি। ইংল্যান্ডের দেওয়া ৩৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় ফিজি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২২ রানেই ওপেনার হোল্ডেনের (৩) উইকেট হারায়। এরপরে দুই ইংলিশ ব্যাটসম্যানের হাতে বিধ্বস্ত হয় ফিজি। দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন তারা। যুব ক্রিকেটে যে কোনও উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রানের জুটি। সেঞ্চুরি করেছেন ড্যান লরেন্স ও জ্যাক বার্নহাম।
লরেন্স ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। পরে ১১৭ বলে তিন অঙ্কের ঘরে প্রবেশ করে বার্নহাম। ৪৭তম ওভারে বার্নহাম বোল্ড হলে ভাঙে তাদের জুটি। বার্নহাম ১৩৭ বলে ১৪৮ রান (১৯ চার, ৪ ছয়) করেন। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফিরেন লরেন্সও। তিনি ১৫০ বলে ১৭৪ রানের (২৫ চার, ১ ছয়) দুর্দান্ত ইনিংস খেলেন।
বল হাতে বিধ্বস্ত হওয়ার পর ব্যাট হাতেও বিপর্যয়ের সম্মুখিন হয় ফিজির ব্যাটসম্যানেরা। ২৭.৩ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় ক্রিকেট বিশ্বে নবাগত দলটি। সর্বোচ্চ ৩৬ রান করেছেন পেনি ভুনিওয়াকা। ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সাকিব মাহমুদ ও স্যাম কারেন।
/এমআর/








