মেয়েদের ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি সাফল্য বাংলাদেশের। শক্তি-সামর্থ্যও দুই দল কাছাকাছি। ওয়ানডে বিশ্বকপের ম্যাচের আগে ৫০ ওভারের ক্রিকেটে ১১ দেখায় পাকিস্তানের জয় ছিল ৬টি, বিপরীতে বাংলাদেশের ৫ জয়। আজ (সোমবার) লাল-সবুজের দল জেতায় দুই দলই এখন সমানে সমান। হ্যামিল্টনে শ্বাসরূদ্ধকর ম্যাচে লেগ স্পিনার ফাহিমা খাতুনের এক ওভারের ভেল্কিতে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ নারী দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফাহিমা বলে গেছেন, পাকিস্তান বলেই জয়ের বাড়তি তাড়না পেয়েছেন তারা।
৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা ফাহিমা বলেছেন, ‘আগেও বলেছি, এখনও বলছি- পাকিস্তানের সঙ্গে শুধু আমার নয়, আমাদের দলের সব মেয়েদের খেলার জন্য এবং জেতার জন্য একটা ক্ষুধা থাকে। আমরা চেষ্টা করেছি। আমরা বলতাম যে, বোলাররাই আমাদের সবসময় জেতায়, ব্যাটাররা ওইভাবে অবদান পারছে না। কিন্তু এবার বিশ্বকাপে ব্যাটাররা অবদান রাখছে, বোলাররা অনেক বেশি সাপোর্ট দিচ্ছে।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ফাহিমা আরও বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আজ আমাদের একটাই লক্ষ্য ছিল- গত যে দুইটা ম্যাচ খেলেছি, অনেক ভালেঅ খেলেছি, এই খেলাটাই... আমরা স্বাভাবিক ক্রিকেট খেলবো। সাধারণ যে পরিকল্পনা আমাদের কোচিং স্টাফরা দিয়েছে, সেটা কেবল আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি এবং আমরা সেটা করতে পেরেছি।’
এই জয় সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন এই লেগ স্পিনার, ‘এটাই আমাদের প্রথম জয়, তৃতীয় ম্যাচে। তবে আমি আশাবাদী আগের দুই ম্যাচে যেমন খেলেছি, আজকে যেমন লড়াকু ম্যাচ খেলেছি, এটা আমাদের ওপর বড় প্রভাব ফেলবে। দলের মেয়েরা উজ্জ্বীবিত যে, আমরা পারি। আমাদের দলের ভাবনা হচ্ছে আমরা দলগত পারফর্ম করবো। সবাই দলের জন্য খেলতে প্রস্তুত থাকে। পাকিস্তানের সঙ্গে জেতাটা আমাদের সবসময় উজ্জ্বীবিত করে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা (সাফল্য) আমরা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো।’
এই জয় ভবিষ্যতে বাংলাদেশের নারী ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ফাহিমা, ‘আমি আশা করি এটা বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে। এশিয়া কাপে যখন জিতলাম পাকিস্তানের বিপক্ষে, ওটা ছিল আমার জন্য বড় পাওয়া। ওই ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছিলাম, আজকেও হলাম। আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে পারফর্ম করার, দলে অবদান রেখে যেতে। সেটা ব্যাটিংয়ে রান করে হোক, বল করে কিংবা ফিল্ডিংয়ে।’








