নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা সফরে গেলেই যেন ফিল্ডিং ভুলে যায় বাংলাদেশ। বিশেষ করে লং ক্যাচ মুড়ি-মুরকির মতো পড়তে থাকে। সেই অস্বস্তি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে আরও একটি সিরিজ। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। স্বাভাবিকভাবেই শঙ্কায় ক্রিকেটপ্রেমী দর্শকরা; না জানি ক্যাচ মিসের মহড়ায় নিশ্চিত জয় হাতছাড়া হয়! তামিম ইকবাল অবশ্য বলছেন, দক্ষিণ আফ্রিকায় ফিল্ডিং করা বেশ কঠিন।
ফিল্ডারদের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই বাজে। দীর্ঘদিন ধরেই মাঠে গ্রাউন্ড ফিল্ডিং ও লং ফিল্ডিংয়ের ব্যর্থতা চোখে পড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও প্রচুর ক্যাচ ফেলেছে বাংলাদেশ। কেন এমন ব্যর্থতা- সেসবের উত্তর জানা ছিল না মাহমুদউল্লাহ, মুমিনুল, ডমিঙ্গোদের। তবে নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় ফিল্ডারদের ব্যর্থতার কথা উঠলে আবহাওয়ার কথা সামনে আসবে। নিউজিল্যান্ড সফর শেষ করে এসে নাসুমও একবার বলেছিলেন, ‘এখানকার আকাশ একটু বেশি পরিষ্কার তো, তাই বল ঠিক করে দেখা যায় না।’
এই কারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে নতুন ফিল্ডিং কোচ শেন টিমোথি ম্যাকডারমট তার শিষ্যদের নিয়ে কাজ করেছেন। কিন্তু অনুশীলনে দেখা গেছে, ফিল্ডাররা লং ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারছেন না! সত্যিই কি কঠিন প্রোটিয়া কন্ডিশনে ক্যাচ ধরা? তামিম জানালেন, ‘এখানে ফিল্ডিং একটু ভিন্ন। আমার মনে হয়, একটু কঠিনই বলা উচিত। এখানে বল ভাসে অনেকক্ষণ। দেশে বা অন্যখানে বল এতটা ভাসে না। এই জিনিসটার সঙ্গে মানিয়ে নিতে হবে, এর বেশি কিছু না। ফিল্ডিং ভালো করতে হবে, এটাই মূল ব্যাপার।’
তামিম অবশ্য স্বীকারও করলেন নিজেদের ব্যর্থতার কথা, ‘দল হিসেবে আমরা জানি, এই জায়গায় খুব একটা উন্নতি করতে পারিনি। বিশেষ করে শেষ দুই -তিন বছর ধরে আমাদের ফিল্ডিং খুব একটা ভালো হচ্ছে না। জানি, আমাদের মান আরও বাড়াতে হবে।’








