গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিলেন নাঈম হাসান। এরপর বেশ কিছু টেস্টে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি এই স্পিনার। গত কয়েক টেস্টে তো স্কোয়াডেও সুযোগ পাননি চট্টগ্রাম থেকে উঠে আসা এই তরুণ। তবে মেহেদী হাসান মিরাজের ইনজুরিতে ভাগ্য খোলে তার। সুযোগ পেয়ে যান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে। চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কাজ করেছেন নাঈম।
আজ (সোমবার) অনুশীলনের পর এই স্পিনার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘টেস্টে একটা জায়গায় লম্বা সময় বোলিং করতে হয়। তিনি (হেরাথ) বলছিলেন, ওই জায়গায় ধৈর্য রেখে বল করতে হবে। সোহেল স্যারদের সঙ্গে কাজ করেছি, এটা নিয়েও তার সঙ্গে কথা হয়েছে। জিজ্ঞেস করলেন, কী কী কাজ করেছি।’
বেশ কিছু টেস্টে সুযোগ না পাওয়া নাঈমের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে নিজের শহরে। এই স্পিনারও উচ্ছ্বসিত, ‘আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আবার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বড় ভাইদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে খুব ভালো লাগে। তাদের থেকে অনেক কিছু শেখা যায়। এখানকার পরিবেশও খুব ভালো।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চান নাঈম, ‘ব্যাট হাতে নিয়ে নামলে নিজেকে ব্যাটসম্যান মনে করি, যতটা পারি দলে অবদান রাখার চেষ্টা করি।’









