ইংল্যান্ডের বিপক্ষে ৫ সেশন ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। এই সময়টাতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রভাব বিস্তার করেই খেলেছে সফরকারী নিউজিল্যান্ড। আগের দিন ৪ উইকেট হারিয়ে ৩১৮ রান করা কিউইরা শনিবার দ্বিতীয় দিনে টম ব্লান্ডেল-ড্যারিল মিচেলের ব্যাটের ওপর ভর করে আরও ২৩৫ রান যোগ করে। তাতে কিউইদের স্কোরলাইন দাঁড়ায় ৫৫৩। জবাবে এ দিন শেষ সেশনে ব্যাটিং নেমে ইংলিশরা ১ উইকেট হারিয়ে তোলে ৯০ রান। ৪৬৩ রানে পিছিয়ে থেকে রবিবার তৃতীয় দিন শুরু করবে স্বাগতিক ইংলিশরা।
নটিংহামের ট্রেন্ট ব্রিজেও লর্ডস টেস্টের মতো লড়াই করেছেন কিউই দুই ব্যাটার টম ব্লান্ডেল-ড্যারিল মিচেল। আগের দিনের ৮১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন মিচেল। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন কিউই এই ব্যাটার। কিন্তু সঙ্গীর অভাবে ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ১৯০ রানের ইনিংস। ৩১৮ বলে ২৩ চার ও ৬ ছক্কায় মিচেল নিজের ইনিংসটি সাজিয়েছেন। এদিকে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন টম ব্লান্ডেল। আগের দিনের ৬৭ রান নিয়ে খেলতে নেমে শনিবার তিনি থেমেছেন ১০৬ রানে। ১৯৮ বলে ১৪ চারে ব্লান্ডেল তার ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে কিউইরা ৫৫৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।
ইংলিশ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন ৬২ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস ও জ্যাক লিচ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
এরপর স্বাগতিক ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জ্যাক ক্রাউলি (৪) হারায়। যদিও শেষ বিকালে আর কোনও বিপদ ঘটেনি। দ্বিতীয় উইকেটে ৮৪ রান তুলে অবিচ্ছন্ন আছেন অ্যালেক্স লিস (৩৪) ও অলি পোপ (৫১)। ইংলিশদের একমাত্র উইকেকটি পেয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।









