উইন্ডিজকে গুঁড়িয়ে ওয়ানডে শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২২, ০৩:৪৯আপডেট : ১১ জুলাই ২০২২, ০৪:১০

হারই কেবল সঙ্গী হচ্ছিল। টেস্টের পর টি-টোয়েন্টিতেও একই হাল বাংলাদেশের। দুই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ফল বদলায়নি। হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশ অবশেষে জয়ের দেখা পেলো ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডেতে। গায়ানার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতেই দেয়নি সফরকারীরা। দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথ আগেই তৈরি করে রেখেছিল। পরে ব্যাটাররা সহজেই পেরিয়ে গেছেন বাকি পথ।

রবিবার প্রোভিডেন্স স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে। তাই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। নির্ধারিত এই ওভারে স্বাগতিকরা ৯ উইকেটে করে ১৪৯ রান। সহজ লক্ষ্য ৩১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০তে এগিয়ে গেছে ‍তামিম ইকবালরা। একই সঙ্গে এ নিয়ে টানা ৯ ওয়ানডে জিতলো ক্যারিবিয়ানদের বিপক্ষে।

বাকি দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ অনেক এগিয়ে। সেটি গায়ানার প্রথম ম্যাচে আরেকবার বুঝিয়ে দিলো সফরকারীরা। ৫০ ওভারের ফরম্যাটে ফিরতেই আলো ছড়ালো। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর মাঝারি ইনিংসের পর মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহানের ব্যাটে জয় নিশ্চিত করে সফরকারীরা।

যদিও বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ৪১ ওভারে ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিদায় নেন লিটন দাস। যদিও তার আউট নিয়ে বিতর্ক আছে। এই ওপেনার মাত্র ১ রানে আকিল হোসেনের বলে এলবিডব্লিউয়ের শিকার। জোরালো আবেদনে ফিল্ড আম্পায়ার বেশ খানিকটা সময় নিয়ে আঙুল তোলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন লিটন। যদিও টিভি আম্পায়ার ওই সিদ্ধান্তে বহাল রাখেন। তবে রিপ্লেতে লিটনের ব্যাট ও বলের মাঝে ফাঁকা মনে হয়েছে।

শুরুতে উইকেট হারালেও তামিম ও শান্ত মিলে টেনে তোলেন দলকে। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দারুণ খেলতে থাকলেও ভুল বোঝাবুঝিতে বিপদ ডেকে আনেন। অধিনায়ক তামিম হন রান আউটের শিকার। ফেরার আগে ২৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস।

তার বিদায়ের পর মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বাঁধেন শান্ত। ছিলেন লক্ষ্যের পথেই। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে শান্তর। গুডাকেশ মোটির বলে শর্ট মিড উইকেটে ধরা পড়েন নিকোলাস পুরানের হাতে। তাতে শেষ হয় তার ৩৩ রানের লড়াকু ইনিংস। ৫৭ বলের ইনিংসে মারেন এক চার ও এক ছক্কা।

এই পুরানের বলেই আবার ফেরেন আফিফ হোসেন। ক্যারিবিয়ান অধিনায়ক এর আগেই উইকেট পেতে পারতেন। কিন্তু মাহমুদউল্লাহকে ক্লিন বোল্ড করেও হতাশ হতে হয় বলটি ‘নো’ হওয়ায়। পুরান সেই আক্ষেপ কিছুটা হলেও মিটিয়ে নেন আফিফকে আউট করে। বাঁহাতি ব্যাটার ১৭ বলে করেন ৯ রান।

আফিফ ফেরার পর বাকি কাজ সেরেছেন মাহমুদউল্লাহ ও সোহান। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটিতে নিশ্চিত করেন দলের দল। মাহমুদউল্লাহ ৬৯ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৪১ রানে। আর সোহান অপরাজিত ২৭ বলে এক চার ও এক ছক্কায় ২০ রানে। চমৎকার বোলিংয়ে ম্যাচসেরার ‍পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ।

মেহেদী হাসান মিরাজ জিতেছেন ম্যাচসেরার পুরস্কার এর আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের নিয়ে আক্ষরিক অর্থেই খেলেছেন বাংলাদেশের বোলাররা। শুরু থেকে আধিপত্য ধরে রেখে উইকেট তুলে নিয়েছেন তারা। সবচেয়ে সফল শরিফুল ইসলাম। দুই ওভারে দুইবার করে ২টি উইকেট তুলে নেন বাঁহাতি পেসার। সব মিলিয়ে ৮ ওভারে এক মেডেনসহ ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। মেহেদী হাসান মিরাজ ৯ ওভারে ২ মেডেনসহ ৩৬ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। আর একটি উইকেট শিকার মোস্তাফিজুর রহমান।

তাদের দাপটের সামনে সর্বোচ্চ ৩৩ রান করেছেন শামারাহ ব্রুকস। দ্বিতীয় সর্বোচ্চ লোয়ার অর্ডারের অ্যান্ডারসন ফিলিপের। তার অপরাজিত ২১ ও জেডেন সিলসের অপরাজিত ১৬ রানে ভর করেই ১৪৯ রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ১১০ রানে নবম উইকেট হারানোর পর তারা টেনে নেন স্কোর।

টি-টোয়েন্টি সিরিজ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এসে ঘুরে তাই দাঁড়ানোর চেষ্টায় সফরকারীরা। সেই মিশনে গায়ানার প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। এই পেসারের চমৎকার ডেলিভারি ঠিকমতো খেলতে পারেননি শাই হোপ। দুর্দান্ত ফর্মে থাকা ক্যারিবিয়ান ওপেনারের পায়ে লেগে বল আঘাত করে স্টাম্পে। ফলে রানের খাতা না খুলেই বিদায় নিতে হয় তাকে।

শুরুতেই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে পারেনি। স্লো উইকেটে ছড়ি ঘোরাতে থাকেন দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে অভিষেক হওয়া নাসুমের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি মিরাজ কঠিন পরীক্ষা নেন ক্যারিবিয়ানদের। উইকেট আনন্দে মাততেও বেশিক্ষণ লাগেনি মিরাজের। বাংলাদেশের দ্বিতীয় উইকেট আসে তার হাত ধরেই। মিরাজের শিকার কাইল মায়ার্স। বাঁহাতি ওপেনারকে ক্লিন বোল্ড করে ফেরান প্যাভিলিয়নে। ফেরার আগে ২৭ বলে করে যান মাত্র ১০ রান।

স্বাগতিকদের মন্থর ব্যাটিং আরও মন্থর হয় মায়ার্সের বিদায়ে। তবে ধরে খেলে চাপ কাটানোর চেষ্টা করেন শামারাহ ব্রুকস ও ব্রেন্ডন কিংস। দাঁড়িয়েও গিয়েছিলেন দুজন। কিন্তু শরিফুলের জোড়া আঘাতে আবার এলোমেলো। এমনিতেই রান উঠছিল না স্কোরবোর্ডে, তার ওপর পরপর ২ বলে শরিফুল ২ উইকেট তুলে নিলে বিপদ আরও বাড়ে স্বাগতিকদের। টেস্ট মেজাজে ব্যাট করে ক্রিজে পড়ে ছিলেন কিং। তবে বেশি কিছু করতে পারেননি। শরিফুলের বলে ৩১ বলে মাত্র ৮ রান করে ধরা পড়েন বদলি ফিল্ডার এনামুল হকের হাতে।

বাঁহাতি পেসার পরের বলেই ব্রুকসকে ফিরিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখানো এই ব্যাটার ৩৩ রানে ধরা পড়েন উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ৬৬ বলের ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারিতে। তাকে আউট করলেও হ্যাটট্রিকের আনন্দে মাতা হয়নি শরিফুলের। তাতে ৫৫ রানে হারায় ৪ উইকেট।

এরপর নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল আশা হয়ে ছিলেন। কিন্তু পাওয়েল মাত্র ৯ রানে বিদায় নেওয়ার কিছুক্ষণ পর পুরান আউট হলে সব আশা শেষ হয়ে যায়। ক্যারিবিয়ান অধিনায়ক করেন ১৮ রান। এরপর আকিল হোসেন (৩), রোমারিও শেফার্ড (১৫) ও গুডাকেশ মোটিও (৭) পথ ধরেন প্যাভিলিয়নের। শেষ দিকে ফিলিপ-সিলসের অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে দেড়শ ছুঁই স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৪১ ওভারে ১৪৯/৯ (ব্রুকস ৩৩, ফিলিপ ২১*, পুরান ১৮, সিলস ১৬*, শেফার্ড ১৫; শরিফুল ৪/৩৪, মিরাজ ৩/৩৬)।

বাংলাদেশ: ৩১.৫ ওভারে ১৫১/৪ (মাহমুদউল্লাহ ৪১*, শান্ত ৩৭, তামিম ৩৩, সোহান ২০*, আফিফ ৯; মোটি ১/১৮, পুরান ১/৩৯)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের