রাসেল ডমিঙ্গোর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছিল। গুঞ্জন উঠেছিল, বাংলাদেশ দলের সঙ্গে আর থাকছেন না তিনি। তবে নতুন চুক্তির অনেক মারপ্যাচ থাকায় সে যাত্রায় তাকে আর বিদায় করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দলের যে হাল, তাতে তার ওপর আস্থা রাখতে পারছে না বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। তাই সামনের এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে নাকি নতুন কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি!
বিসিবি সূত্রে জানা গেছে, এরই মধ্যে নাকি টি-টোয়েন্টিতে আলাদা কোচ নিয়োগ দেওয়া হয়ে গেছে। সাকিব আল হাসানদের নতুন কোচ ভারতের শ্রীধরন শ্রীরাম। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন বাংলাদেশ দলের সঙ্গে।
জিম্বাবুয়ে সফরের শেষে আর বাংলাদেশে ফেরেননি ডমিঙ্গো। ছুটি কাটাতে গিয়েছিলেন জন্মস্থান দক্ষিণ আফ্রিকায়। এশিয়া কাপ সামনে রেখে আজ (শুক্রবার) তার বাংলাদেশে ফেরার কথা। তাকে ছাড়াই অবশ্য এশিয়া কাপের প্রস্তুতি একরকম শুরু হয়ে গিয়েছে। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের অধীনে অনুশীলন শুরু করেছেন সাকিব-মুশফিকরা।
ডমিঙ্গোকে ছাড়াই হয়তো চলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টির গাড়ি। বোর্ডের ওই সূত্র থেকে জানা গেছে, ওয়ানডে ও টেস্টের দায়িত্বে আপাতত ডমিঙ্গোই থাকছেন। তবে সামনে টি-টোয়েন্টির ব্যস্ততায় দক্ষিণ আফ্রিকান কোচকে ‘বিশ্রামেই’ থাকতে হবে বেশি।
তার জায়গায় টি-টোয়েন্টিতে কোচ হিসেবে যার নাম শোনা যাচ্ছে, সেই শ্রীরামের কোচিং অভিজ্ঞতা কম নয়। সবচেয়ে বড় কথা আইপিএলে কাজ করেছেন তিনি। সবশেষ যুক্ত ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন বোলিং কোচ হিসেবে। এর আগে কাজ করেছেন অস্ট্রেলিয়া দলের স্পিন কোচ হিসেবে।
কোচিংয়ে নাম লেখানোর আগে শ্রীরাম ভারতের জার্সিতে খেলেছেন ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত। যদিও খেলেছেন মোটে ৮ ওয়ানডে। তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল চোখ জুড়ানো। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে ১ হাজার ৭৫ রান করার রেকর্ড আছে ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।









