১৩৮ রান তাড়া করতে নেমে পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে খেই হারিয়েছে ভারতের শক্তিশালী ব্যাটিং। নারী এশিয়া কাপে ৭ বছর পর পাকিস্তানের কাছে পরাজয়ে ভারতীয় কোচ রমেশ পাওয়েল জানালেন, পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই দলের এই দশা হয়েছে! কিন্তু পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ অবশ্য তার সঙ্গে একমত হলেন না।
১৩ রানে হারের পর ম্যাচ শেষে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কথা জানান ভারতীয় কোচ। মূলত তরুণদের দেখতেই এই পরিকল্পনা নিয়েছিল টিম ম্যানেজমেন্ট, ‘আমরা নিয়মিত যাদের দিয়ে রান তাড়া করাই, তাদের নিয়ে চেষ্টা করিনি। তরুণ কেউ যেন দায়িত্ব নিতে পারে, সেটা চেয়েছি। কারণ এটা আমাদের চার নম্বর ম্যাচ। পূজা, রিচা, রাধা, হেমলতাদের সুযোগ দিতে চেয়েছি; যেহেতু তারা একেবারে নতুন। তাদের এই ধরনের চাপের মধ্যে দিয়ে যাওয়া দরকার।’
রমেশ পাওয়েল আরও বলেছেন, ‘হারমান, জেমি, স্মৃতিরা অনেকদিন ধরেই এমন চাপ সামলে আসছে। আমাদের চিন্তা ছিল তাদের চাপটা অনুভব করতে দেওয়া। বিশ্বকাপের আগে এটা দরকার ছিল। কারণ আমাদের হাতে খুব বেশি ম্যাচ নেই।’
পাকিস্তানের মতো দলের বিপক্ষে কেন এতো পরীক্ষা-নিরীক্ষা সেই প্রশ্নের ব্যাখ্যায় রমেশ পাওয়েল বলেছেন, ‘ছয়টা লিগ ম্যাচ এটা করার সুযোগ দিয়েছে। যদি দুই গ্রুপ হতো এক ম্যাচ করে, তাহলে এটা করতাম না। আমরা চাই সব কন্ডিশন ও চাপের জন্য দল তৈরি করতে। অবশ্যই জিততে চাই। কিন্তু কিছু বিষয় খুঁজে বের করা দরকার।’
পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ অবশ্য একমত হতে পারেননি। তার মতে ভারতের শক্তিশালী দলটাই খেলতে নেমেছিল, ‘আমার তেমন মনে হয় না। তাদের আসল ব্যাটিং লাইন-আপ খেলেছে, গভীরতাও ছিল। আমাদের দল অসাধারণ খেলেছে। গতকালকের ম্যাচের পর এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কৃতিত্বটা দলের সবার।’









