চোট ধাক্কায় ভীষণ বিপর্যস্ত শ্রীলঙ্কা। যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে লঙ্কানদের পেস আক্রমণে। সর্বশেষ চোট পেয়েছেন বিনুরা ফার্নান্ডো। তার জায়গায় মিডিয়াম পেসার আসিথা ফার্নান্ডোকে যুক্ত করেছে শ্রীলঙ্কা দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পার্থে বিনুরা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। বলও করতে পারেন মাত্র ৫টি। ওই ম্যাচ শ্রীলঙ্কা ৭ উইকেটে হেরেছে। বিশ্বকাপ চলমান থাকায় এই বদলের অনুমতিও দিয়েছে বিশ্বকাপের ৬ সদস্যের টেকনিক্যাল কমিটি।
আসিথা শ্রীলঙ্কায় রয়েছেন। সেখান থেকে শিগগিরই তার অস্ট্রেলিয়ায় উড়ে আসার কথা। আইসিসি বলেছে, ‘শ্রীলঙ্কা থেকে সে সফর করে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে।’
২৫ বছর বয়সী আসিথা এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষটি খেলেছেন এশিয়া কাপে ভারতের বিপক্ষে। শনিবার লঙ্কানদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।









