ভারতকে কাঁদিয়ে ফাইনালে ইংল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ১৭:০৭ আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৭:৫৯

শিরোপা প্রত্যাশী ভারতকে কাঁপিয়ে দিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংলিশদের নিখুঁত বোলিংয়ের সামনে ১৬৮ রানে থামে ভারতের স্কোর। জবাবে অ্যাডিলেডের ব্যাটিংবান্ধব উইকেটে কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নিয়েছে জশ বাটলারের দল। আগামী রবিবার পাকিস্তানের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড।

সেমিফাইনালে বাবরদের যাওয়া নিশ্চিত হতেই ভারত-পাকিস্তান ফাইনাল ছিল আলোচনায়। সেই আলোচনা ভালো লাগেনি ইংলিশ অধিনায়ক জশ বাটলারের। সংবাদ সম্মেলনেই ঘোষণা দেন ভারত-পাকিস্তানের ফাইনাল তিনি দেখতে চান না। যেই কথা সেই কাজ। বৃহস্পতিবার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ভারতকে কোণঠাসা করেই ম্যাচ জিতে ইংলিশরা। 

অ্যাডিলেডের উইকেটে ইংল্যান্ডের মতো ব্যাটিং লাইনআপের সামনে ১৬৮ রান মামুলি টার্গেট! ভারতের দেওয়া এই লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দুই ওপেনার জশ বাটলার ও অ্যালেক্স হেলস। প্রথম পাওয়ার প্লেতেই ৬৩ রান তুলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলেন দুই ওপেনার। হেলস অধিনায়ক বাটলারের চেয়েও আক্রমণাত্মক ছিলেন। আরশদ্বীপ ও অক্ষর প্যাটেল ছাড়া ভারতের কোনও বোলারই ইংলিশ ব্যাটারদের সমীহ আদায় করতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে বোলারদের জন্য এমনিতেই যথেষ্ট রান ছিল না। তার মধ্যে ভুবনেশ্বর, সাসি, অশ্বিন, হার্দিক কেউই উইকেট থেকে সুবিধা আদায় করতে না পারার সুযোগটা নিয়েছেন ইংলিশ দুই ব্যাটার।

দুই ব্যাটারের ছন্দময় ব্যাটিংয়ে ইংল্যান্ড ২৪ বল আগেই ১৭০ রানে পৌঁছে গেছে। অধিনায়ক বাটলার ৪৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেছেন। অন্যদিকে হেলস ৪৭ বলে ৪ চার ও ৭ ছক্কায় খেলেছেন ৮৬ রানের ইনিংস। ১৬তম ওভারে সামির শেষ বলে লংঅন দিয়ে ছক্কা মেরে ইংল্যান্ডকে তৃতীয়বারের মতো ফাইনালে তোলেন অধিনায়ক বাটলার। ম্যাচের আগের দিন তিনিই হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তান-ভারতের ফাইনাল দেখতে চান না। বাটলার নিজের কথা রেখেছেন। সামনে থেকে পারফরম্যান্স করে ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকেও দিয়েছেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত। মূলত টস হেরেই ম্যাচ থেকে ছিটকে গেছে রোহিত শর্মারা। অ্যাডিলেড ওভালে ভারতের শুরুটাও ভালো ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান লোকেশ রাহুল। এই ওপেনার ৫ বলে করেন ৫ রান। তবে রোহিত শর্মা ও কোহলি দাঁড়িয়ে গিয়েছিলেন। রোহিতের ব্যাটে রান এলেও ব্যাটিংটা ছিল ধীরগতির। ২৮ বলে করেন ২৭ রান।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে সফল ব্যাটার সূর্যকুমার যাদব। অথচ সেমিফাইনালের মঞ্চে সুবিধা করতে পারেননি তিনি। ১০ বলে ১৪ রান করেছেন। এরপরই শুরু পান্ডিয়ার তাণ্ডব। এই ব্যাটার আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিলেন অ্যাডিলেডে। কোহলির সঙ্গে মিলে ভারতের স্কোর নিয়ে যান আরও বড় জায়গায়। কোহলি ৪০ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রান করেছেন। তবে পান্ডিয়া ছিলেন আরও ভয়ংকর। ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ৬৬ রানের ঝড়ো ইনিংস। তাতে ভারতের স্কোর যায় ১৬৮ রানে। ঋষভ পান্ত আউট হয়েছেন ৬ রানে। আর রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত থাকেন শূন্য রানে।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস জর্ডান। এই পেসার ৪ ওভারে ৪৩ রানে দিয়ে নেন ৩ উইকেট। আর একটি করে উইকেট ক্রিস ওকস ও আদিল রশিদের।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বেতন কমেছে ২৫ শতাংশ, বোর্ডকে জবাব দিতে বাংলাদেশে ভালো খেলার তাগিদ স্যামির
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
প্রথম টেস্টে লিটনের খেলা নিয়ে শঙ্কা
সর্বশেষ খবর
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি