মিরপুরে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে দর্শক ঢুকে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে আন্তর্জাতিক ম্যাচ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এমন ঘটনা ঘটেছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার চলছিল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় সেশনের শুরুতেই দেখা গেলো তেমন অপ্রীতিকর ঘটনা। অবশ্য দ্রুততম সময়ের মধ্যে মাঠে প্রবেশ করা সাকিব-ভক্তকে নিরাপত্তাকর্মীরা মাঠের বাইরে নিয়ে গেছেন।
ঘটনা ঘটেছে ৬৮তম ওভারে। বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। সাকিব তখন মিডউইকেটে ফিল্ডিং করছিলেন। ওই মুহূর্তে পূর্ব গ্যালারি থেকে লাফ দিয়ে প্রথমে নিচে নেমে আসেন এক ভক্ত। ওখান থেকে চলে যান কাঁটাতার দিয়ে তৈরি করা নিরাপত্তা বেষ্টনীর কাছে। প্রায় ১২ ফুট উচ্চতার বেষ্টনীও মুহূর্তে টপকে যান তিনি। ততক্ষণে সবার দৃষ্টিও চলে যায় তার দিকে। কিন্তু কারও কিছু বুঝে উঠার আগেই তিনি দ্রুত গতিতে সোজা চলে যান মিড উইকেটে দাঁড়ানো সাকিবের কাছে। পৌঁছেই তার পা ছুঁয়ে এই ভক্ত সালাম করেছেন। সাকিব তাতে বাধা দেননি। ঘটনা ঘটে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মাঠে ১০-১২ জন নিরাপত্তকর্মী উপস্থিত হয়েছেন। তাকে ধরে নিয়ে যান মাঠের বাইরে।
মাঠের ভেতরে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বার বার এমন ঘটনায় বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছেই!
এর আগেও সাকিবকে একবার ছুঁয়ে দেখতে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভক্তের মাঠে প্রবেশের ঘটনা ঘটেছিল। গ্যালারি টপকে সাকিবকে ফুল উপহার দিয়েছেন একজন। মাশরাফির এক ভক্তও এমন কাণ্ড ঘটিয়েছিলেন। এর আগে সিলেটেও একই কাণ্ড ঘটনা এক মুশফিক ভক্ত।








