৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। সোমবার ঘোষিত এই সূচি অনুযায়ী বাংলাদেশ একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ হংকং। আগামী ৫ মার্চ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠলে ম্যাচটির সূচিতে পরিবর্তন আসবে। কেননা, এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ মার্চ। গত বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে হংকংয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। একইভাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আগামী ১০ মার্চ শ্রীলঙ্কা এবং ১২ মার্চ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে এম চেন্নাস্বামী স্টেডিয়ামে। আগামী ১৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে জাহানারা আলমরা।
‘বি’ গ্রুপে তাদের অন্য তিন সঙ্গী হলো ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
উল্লেখ্য, ৩ মার্চ থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত অংশগ্রহণকারী পুরুষ দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে একে অন্যের বিপক্ষে। যদিও এর মধ্যেই বাছাইপর্বের খেলাগুলো চলতে থাকবে। এদিকে, ১০ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে মহিলা ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ।
/আরআই/এফআইআর/এমএনএইচ/







