চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫০ রানে হারালো বাংলাদেশ। টানা দুটি ম্যাচ হেরে হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে ছিল তারা। কিন্তু সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সেই লজ্জা পেতে হয়নি স্বাগতিকদের। শেষ হয়েছে দারুণ জয় দিয়ে, তবে হতাশ অধিনায়ক তামিম ইকবাল।
কারণটা না বললেও চলে। সাত বছর পর ঘরের মাঠে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বললেন, ‘আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলাম। শেষটা ভালোভাবে করতে চেয়েছিলাম। কিন্তু এখনো হতাশ, কারণ আমরা সিরিজ হেরেছি। ইংল্যান্ডের প্রশংসা করতেই হয়, তারা যেভাবে খেলেছে।’
তামিম আরো যোগ করেন, ‘আদিল ভাই (আদিল রশিদ) সিরিজজুড়ে অসাধারণ ছিলেন। আজও আমরা সেরা অবস্থায় ছিলাম না। আমাদের ২৭০-২৮০ করতে হতো। কিন্তু বোলিং ছিল চমৎকার।’
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তামিম বলেন, ‘অনেক জায়গায় উন্নতির বাকি। আমরা ওয়ানডেতে ভালো দল কিন্তু যখন দেশের বাইরে খেলি, ভিন্ন কন্ডিশনে খেলতে হয়। আমাদের চেষ্টা করতে হবে আরো ভালো করার।’
বৃহস্পতিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, সেই সিরিজে খেলা হচ্ছে না এই ফরম্যাট থেকে অবসর নেওয়া তামিমের। তবে তরুণদের কাছে ভালো কিছুর প্রত্যাশা তার, ‘কিছু দারুণ খেলোয়াড় আসছে। আমি তাদের শুভকামনা জানাই।’









