এই সফরের আগে, সিরিজের আগে কখনও ভারতে টেস্ট খেলেননি উসমান খাজা। ভারতে আসার আগে ভিসা জটিলতাতেও পড়েন তিনি। তবে সফরটা ভুলে যাওয়ার মতো করেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। আগের দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করার পর আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন সেঞ্চুরিতে রাঙালেন খাজা। বৃহস্পতিবারের খেলা শেষে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার দাপট।
৪ উইকেটে ২৫৫ রানে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। আহমেদাবাদের এই উইকেট প্রথম তিন ম্যাচের চেয়ে ভিন্ন রূপ দেখালো। আগের তিন টেস্টে প্রথম দিন ছিল উইকেটের বন্যা। সেখানে শেষ ম্যাচে পড়লো মাত্র চার উইকেট।
দিনের শেষ ওভারে ক্যারিয়ারের ১৪তম ও ভারতে প্রথম শতক উদযাপন করেন খাজা। মোহাম্মদ শামিকে চার মেরে ২৪৬ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ২০০৭ সালে মিসবাহ উল হকের পর প্রথম কোনও জন্মসূত্রে পাকিস্তানি খেলোয়াড় ভারতে সেঞ্চুরি হাঁকালেন।
খাজার সঙ্গে ক্যামের গ্রিন রাখেন দারুণ অবদান। পঞ্চম উইকেটে মাত্র ১৯.২ ওভারে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটির পথে তিনি অপরাজিত ৪৯ রানে। ৬৪ বলের ইনিংসে ছিল ৮ রান। খাজা ২৫১ বল খেলে ১০৪ রানে অপরাজিত ছিলেন। তার হার না মানা ইনিংসে ছিল ১৫ চার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শূন্য উইকেটে ৬১ রান করা অস্ট্রেলিয়া ৭২ রানে হারায় ২ উইকেট। ট্র্যাভিস হেড (৩২) ও মার্নাস লাবুশেন (৩) বিদায় নেন। এরপর স্টিভ স্মিথকে নিয়ে খাজা ৭৯ রানের জুটি গড়েন। রবীন্দ্র জাদেজা ৩৮ রানে স্মিথকে বোল্ড করেন। পিটার হ্যান্ডসকম্ব (১৭) সুবিধা করতে পারেননি। শামির শিকার তিনি।
১৭০ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়া আড়াইশ ছাড়িয়ে যায় খাজা ও গ্রিনের দৃঢ়চেতা ব্যাটিংয়ে।









