ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাশরাফি মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ দারুণ জয় পেয়েছে। বৃষ্টির দাপটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ইনিংসের দৈর্ঘ্য ৪৪ ওভারের হয়। যেখানে আজিম কাজীর সেঞ্চুরি ও সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৪৩ রান ওঠে তাদের স্কোরবোর্ডে।
লক্ষ্যে নেমে রূপগঞ্জের ইনিংসের শেষ দিকে ফের বৃষ্টি নামে। মুনিম শাহরিয়ার ও সাব্বির রহমানের দৃঢ় ইনিংসের পর ইরফান শুক্কুরের অপরাজিত হাফ সেঞ্চুরিতে তখন স্কোর ছিল ৩৮.৫ ওভারে ৩ উইকেটে ২১৫। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ততক্ষণে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ১৯৬ রান, যা আরও আগেই পেরিয়ে গেছে তারা। তাতে করে ২০ রানে জয়ী হয় মাশরাফির দল।
টস হেরে ফিল্ডিং নেন মাশরাফি। চিরাগ জানি পঞ্চম ওভারে ওপেনার আজমির আহমেদকে ফেরান। এরপর দশম ওভারে পরপর জহুরুল ইসলাম ও মার্শাল আইয়ুবকে শূন্য হাতে ফেরান মাশরাফি। ২৯ রানে ৩ উইকেট হারানো অগ্রণী ব্যাংককে টেনে তোলেন সাদমান ও আজিম। তাদের ৯৪ রানের জুটি স্বস্তি ফেরায়।
সাদমান ৭৭ বলে ৬২ রান করে ফিরলে আজিমের সেঞ্চুরিতে দুইশ পার করে অগ্রণী। ১০৫ বলে ১০২ রান করেন তিনি। শেষ দিকে আবু হায়দার রনির ৯ বলে দুটি করে চার ও ছয়ে ২৪ রান ছিল কার্যকরী।
চিরাগ রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান মাশরাফি ও আল আমিন হোসেন।
ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ও মুনিমের ৫০ রানের জুটিতে ভালো শুরু হয় রূপগঞ্জের। যদিও ২৩ রানের ব্যবধানে দুজন বিদায় নেন। ইমন ১৭ ও মুনিম ৩৭ বলে ৪৩ রান করেন। এরপর শুক্কুরের সঙ্গে সাব্বিরের ৭২ রানের জুটি লক্ষ্যে অবিচল রাখে তাদের। সাব্বির এক রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি, ৪৯ রানে আরাফাত সানির শিকার হন। শুক্কুর ও চিরাগ ইনিংস শেষ করে দিয়ে আসেন। ৭৭ বলে ৭১ রান করেন শুক্কুর, ২৯ রানে অপরাজিত ছিলেন চিরাগ। ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন চিরাগ।









