আগামী বছর থেকে পাকিস্তান সুপার লিগের কিছু ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন তামিম। তার দল ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, 'আইপিএল ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়েছে। বিপিএলেও বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে। আশা করছি পিএসএল পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে। কেবল তো শুরু, আস্তে আস্তে এটি আরও ভালো হবে। আমি আশা করছি আগামী বছর আমরা বেশ কিছু ম্যাচ পাকিস্তানেও খেলতে পারবো।'
তামিমের এ বক্তব্যকে অন্যভাবে প্রচার করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। তামিম পাকিস্তানে পিএসএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন। যদিও কয়েকটি বাংলাদেশি ও পাকিস্তানি গণমাধ্যম তামিমের বক্তব্যকে ' বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে খেলবে বলে তামিমের আশাবাদ' শিরোনামে সংবাদ প্রকাশ করছে।
তামিম পিএসএলে পেশোয়ারের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। তিনটি ফিফটিতে ৬৬.৭৫ গড়ে করেছেন ২৬৭ রান। আসরটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দুটি খেলায় ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। পেশোয়ারকে প্লে অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তবে তামিম আর পিএসএলে খেলতে পারছেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে থাইল্যান্ডে যাচ্ছেন তিনি। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু এশিয়া কাপেও খেলবেন না এই হার্ড হিটার। তবে মার্চে ভারতে শুরু টি-টোয়েন্টি বিশ্ব আসরে খেলবেন।
/এমআর/








