দ্রুত তিন উইকেট হারানোর পর ক্রিজে জুটি বাঁধেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার মিলে ১৫৯ রানের জুটি গড়েন। প্রথম সেশনে আইরিশ ব্যাটারদের ওপর প্রভাব বিস্তার করে খেলছিলেন তারা। কিন্তু লাঞ্চ বিরতি থেকে ফিরে সাকিব বাজে শটে আউট হয়ে ফেরেন। যেভাবে খেলছিলেন, এক সময় মনে হচ্ছিল বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিই তুলে নিবেন। দ্বিতীয় দিন সকালে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনকে নাকি দ্রুততম সেঞ্চুরি করবেন বলেও জানিয়েছিলেন সাকিব! দিনের খেলা শেষে এটা জানিয়েছেন স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট।
৪৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর সেঞ্চুরির দিকে তরতর করে এগিয়ে যাচ্ছিলেন সাকিব। কিন্তু ৮৭ রানে বাজে শট খেলে নিজের উইকেট উপহার দিয়ে আসেন প্রতিপক্ষকে। অ্যান্ডি ম্যাকব্রাইনের অফস্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। সেখানেই শেষ তার ৯৪ বলের ঝকঝকে ইনিংস। ফলে দ্রুততম সেঞ্চুরি তো দূরে, সেঞ্চুরিই পূর্ণ করা হয়নি সাকিবের। টেস্ট ক্রিকেটে ৮০-১০০ রানের মধ্যে ১৩ বার আউট হলেন।
বুধবার ম্যাচ শুরুর কিছুক্ষণ পর মাঠে আসেন নাজমুল। মূলত সাকিব ও মুশফিকের সেঞ্চুরি দেখার তাড়না থেকেই সকাল সকাল তার মাঠে আসা। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি সকালে তাড়াহুড়ো করে এসেছিলাম দুটি সেঞ্চুরি দেখতে। একটি হলো, আরেকটি ফসকে গেলো। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম, এই, এসব চলবে না, আগে ফিফটি করো। তাড়াহুড়ো করো না। ও ভালো খেলেছে, কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেলো।’
আইরিশদের বিপক্ষে দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। বোর্ড সভাপতি প্রত্যাশা করছেন, দ্রুততম সময়ে বাংলাদেশ এই ফরম্যাটে ভালো দল হয়ে উঠবে, ‘খেলোয়াড়দের সবার মানসিকতা এখন ইতিবাচক। তবে টেস্টে এখনও আমরা আহামরি কোনও ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল। এটাই বাস্তবতা, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারণা এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টে ভালো দল হয়ে উঠবে।’
নাজমুল আরও যোগ করেছেন, ‘এখন আমরা তো বেশি ভালো দলগুলোর বিপক্ষে তেমন টেস্ট খেলার সুযোগ পাই না। টানা এক বছরে আমাদের ১৪টি টেস্ট খেলতে হবে, এতগুলো টেস্ট খেলা সহজ কথা না। এর মাঝে আমাদের দল ভালো হবে, এই বিশ্বাস আছে।’








