ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১৫৫ রানে পিছিয়ে থেকে ধসের মুখে পড়েছিল আয়ারল্যান্ড। ১৩ রানের মধ্যে হারিয়ে ফেলে চার উইকেট! তৃতীয় দিন তার পরের গল্পটা কেবল আইরিশ ব্যাটারদের। আইরিশদের এমন প্রতিরোধে মুগ্ধ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তিনি বরং সফরকারীদের প্রাপ্য সম্মান দেওয়ার পক্ষে।
বৃহস্পতিবার নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করা লরকান টাকার প্রথম ইনিংসেও ৩৭ রানের ইনিংস খেলেছিলেন। ১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, প্রথম ম্যাচে ৫০ করা টেক্টর দ্বিতীয় ম্যাচেও ৫৬ রানের ইনিংস উপহার দিয়েছেন। তাদের পর এখন সেঞ্চুরির অপেক্ষাতে আছেন অ্যান্ডি ম্যাকব্রাইন (৭১)। শেষ পর্যন্ত তার দারুণ ব্যাটিংয়ে চড়েই চ্যালেঞ্জিং লিডের পথে এগিয়ে যাচ্ছে আইরিশরা।
মাত্র চার টেস্ট খেলা আইরিশদের প্রতি মুগ্ধ বাংলাদেশের পেস বোলিং কোচ বলেছেন, ‘একটু বিস্মিত হয়েছি উইকেটে তেমন প্রাণ ছিল না দেখে। কিছু বল স্পিন করেছে। আমাদের বোলিং অ্যাটাক আরও একবার কঠিন পরিশ্রম করেছে। তাইজুল ছিল অসাধারণ। সে ধারাবাহিক ছিল এবং সবসময় কিছু একটা ঘটানোর চেষ্টা করেছে। বাকিরা তাকে সঙ্গ দিয়েছে। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে যে, তারা আজ যেমন ব্যাটিং করার দরকার ছিল, তাই করেছে।’
আইরিশ ব্যাটারদের প্রশংসা করে অ্যালান ডোনাল্ড বলেছেন, ‘তারা(আয়ারল্যান্ড) আজ আমাদের যা দেখিয়েছে- প্রতিরোধ, ধৈর্য ও গাটস, প্রপার গাটস। এই আইরিশ দলের এখানে এসে প্রথম টেস্ট খেলা, এত দিন বিরতির পরে- তাদের সম্মান জানানো উচিত।’
বিশেষ করে অভিষেক সেঞ্চুরিয়ান লরকান টাকারকে প্রংশসায় ভাসিয়েছেন তিনি। তার কথা, ‘আয়ারল্যান্ড যে প্রতিরোধ দেখিয়েছে তা প্রশংসার দাবিদার। টাকার যেভাবে ব্যাট করেছে, মনে হয়েছে সে এই পৃথিবীর বাইরের কেউ। আমি মনে করি এটা অসাধারণ ইনিংস। যেভাবে আমাদের স্পিনারদের বিপক্ষে পায়ের কাজ করেছে, পেসারদের বিপক্ষে সঠিক চ্যানেলে গিয়ে খেলেছে তা ছিল অসাধারণ। সে আমাদের পাল্টা ধাক্কা দিয়েছে। অন্য প্রান্তে তার ধৈর্যশীল সঙ্গী ছিল। জুটিটা দারুণ ছিল, সেঞ্চুরি ছিল অসাধারণ।’
আইরিশরা সুবিধাজনক অবস্থায় থাকায় বাংলাদেশকে আরও ক্রিয়েটিভ হতে হবে বলে মনে করেন ডোনাল্ড, ‘আমাদের যেখানেই খেলতে দিক না কেন, সেখানেই পারফর্ম করতে হবে। আমরা ভেবেছিলাম বল স্পিন করবে, বেটার ক্যারি করবে। তেমনটা হয়নি। এটাই টেস্ট ম্যাচ, আমাদের মানিয়ে নিতে হবে। উপায় বের করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে।’









