সাধারণত ম্যাচ চলার সময় দলের ভেতরের তথ্য জানতে চান পেশাদার বাজিকররাই। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া সিরিজে পেসার মোহাম্মদ সিরাজের কাছে দুর্নীতির প্রস্তাব নিয়ে এসেছিলেন সাধারণ এক গাড়ি চালক! যিনি পেশাদার বাজিকর নন, পুরোপুরি জুয়ায় আসক্ত। বাজি ধরে অনেক টাকা হারিয়ে ফেলায় দলের ভেতরের গোপন তথ্য জানতে চেয়েছিলেন তিনি।
ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজটি মাঠে গড়িয়েছিল গত মার্চে আইপিএল শুরুর আগে। দুর্নীতির এমন প্রস্তাব পেয়ে নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটকে জানিয়েছেন সিরাজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘এটা কোনও বাজিকর নয়। হায়দরাবাদের এক গাড়ি চালক এমন প্রস্তাব দিয়েছিল। সে আসলে প্রতি ম্যাচ নিয়ে বাজি ধরতো, জুয়ায় আসক্ত। এসব করে অনেক টাকা হারিয়েছে। তার পরই দলের ভেতরের তথ্য জানতে সিরাজের কাছে প্রস্তাব দিয়েছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘সিরাজ সঙ্গে সঙ্গেই প্রস্তাবের কথা জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেছে। আরও বিস্তারিত হয়তো জানা যাবে।’
সাধারণত এসব প্রস্তাব আসলে সঙ্গে সঙ্গেই আকসুকে জানানোর নিয়ম। তা নাহলে শাস্তির খড়গ নেমে আসে। যেমনটা হয়েছিল সাকিব আল হাসানের বেলায়। ২০১৯ সালে দুর্নীতির প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ হয়েছিলেন তিনি।








