কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু বেরসিক বৃষ্টিতে ফল আসেনি।
টসও হয়েছিল ম্যাচে। শ্রীলঙ্কা জিতে ব্যাটিং নেয়। বাংলাদেশের দারুণ বোলিংয়ে বিপদে পড়েছিল তারা। কিন্তু বৃষ্টিতে ৩৬.৪ ওভার পর আর খেলা হয়নি। শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ১৫২ রান।
আগে ব্যাটিং নেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। ইনিংসের প্রথম বলেই শ্রীলঙ্কার ওপেনার হারসিথা সামারাবিক্রমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দারুণ শুরু এনে দেন পেসার জাহানারা আলম। এরপর আতাপাত্তু ও ভিশমি গুনারত্নে মিলে ৩২ রানের জুটি গড়েন। ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারে ঘূর্ণিতে ভিশমি (১১) সাজঘরে ফেরেন।
তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন আতাপাত্তু ও ইমিশা দুলানি। ৪১ রানের জুটি গড়ে বিদায় নেন আতাপাত্তু। ৩৭ বলে ৪৭ রান করে নাহিদার শিকার হন স্বাগতিক অধিনায়ক।
এরপর ছোটখাটো ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনে। ৭৩ রানে ২ উইকেট থেকে মুহূর্তেই স্কোর ৫ উইকেটে ৮৯ রান। পরে প্রসাদানি বিরাক্কোডি ২৪ রান করে আউট হন। ৬ উইকেট নেই ১১৭ রানে।
বৃষ্টির আগে সপ্তম উইকেটে ইনিংস ভালোই সামলাচ্ছিলেন কাভিশা দিলহারি ও ওশাধি রানাসিংহে। দুইজনের অপরাজিত জুটি ৩৫ রানের। কাভিশা ৩০ ও ওশাধি ১৪ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা। এছাড়া জাহানারা, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়েছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি হবে ২ মে। সিরিজের শেষ ওয়ানডে দুই দিন পর ৪ মে। প্রথম ম্যাচের মতো বাকি দুই ম্যাচের ভেন্যুও পি সারা ওভাল।









