ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলছে রাজনীতি। শেষ পর্যন্ত তারা ভারতে খেলতে যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে পাকিস্তান অধিনায়ক সেসব ছাপিয়ে নিজেদের প্রস্তুতি ঠিকঠাক মতো করতে পারায় ভীষণ তৃপ্ত। বাবর আজমের মতে, বিশ্বকাপের আগেই নিজেদের ভালো অবস্থানে রাখতে পেরেছে পাকিস্তান।
টানা চার ম্যাচ জিতে পাকিস্তান ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে। শেষ ম্যাচে জিততে না পারায় প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটি পাকাপাকি দখলে নিতে পারেনি। তার পরেও তৃপ্তির ঢেঁকুর তুলেছেন বাবর, ‘দাপট দেখিয়ে সিরিজ জিততে পারা অসাধারণ কিছু। আর বিশ্বকাপের আগে ১ নম্বর র্যাঙ্কিংয়ে উঠতে পারায় আমাদের ভালো অবস্থানে রাখতে সাহায্য করেছে।’
ভারতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে। কিন্তু রাজনৈতিক বৈরিতায় সেখানে পাকিস্তানের খেলতে যাওয়া নিয়ে চলছে নানামুখী আলোচনা। তাতে বাবরদের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যাওয়ার আগে বিষয়টা উদ্বেগের কিনা এমন প্রশ্নে বাবর বলেছেন, ‘আসলে এই বিষয়ে আমরা এখন কিছুই বলতে পারবো না। তবে খেলার সুযোগ পেলে আমরা অবশ্যই খেলবো।’
সব ঝামেলা তৈরি হয়েছে এশিয়া কাপকে কেন্দ্র করে। বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সঙ্গে সঙ্গেই জানিয়েছে, তারা সেখানে দল পাঠাবে না। তার পর বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। তারা হুমকি দিয়েছে, তেমনটা হলে বিশ্বকাপে পাকিস্তান খেলতে যাবে না।
অবশ্য রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে বরফ গলতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলছে। গত সপ্তাহে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়া সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। ১২ বছরে কোনও পাকিস্তানি সিনিয়র অফিশিয়ালের এটাই প্রথম সফর।









