দারুণ ব্যাটিংয়ে আবার জয়ে ফিরলো মুম্বাই ইন্ডিয়ান্স। চার ম্যাচে তৃতীয়বার দুইশ বা তার বেশি রান তাড়া করে সফল তারা। সূর্যকুমার যাদবের ঝড়ে মঙ্গলবার ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চ্যালেঞ্জিং লক্ষ্য অনায়াসে অতিক্রম করলো পাঁচবারের চ্যাম্পিয়নরা।
২০০ রানের কঠিন লক্ষ্য। আগ্রাসী শুরুর বিকল্প নেই। ইশান কিষাণ দলের চাহিদা মিটিয়ে আক্রমণাত্মক সূচনা করলেন। ৪.৪ ওভারে দলের ৫১ রানের মধ্যে ৪২ রান করে ফিরে গেলেন তিনি। বাজে ফর্মে থাকা রোহিত শর্মা আবারও নিষ্প্রভ। ৭ রান করে থামেন মুম্বাই অধিনায়ক।
তিন বলের ব্যবধানে ১ রানে ২ উইকেট হারানো মুম্বাই লাইনচ্যুত হয়নি। সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াধেরা সময়ের দাবি অনুযায়ী ঝড় তোলেন। ৫৩ বলে তাদের জুটি ১০০ রান তোলে। ২৬ বলে ৫০ রান করা সূর্য তাণ্ডব চালান মাঝের ওভারে। জয় তখন সময়ের ব্যাপার মাত্র, ১৬তম ওভারে প্রথম তিন বলে ১৮ রান তোলেন তিনি। কিন্তু চতুর্থ বলেই বিজয়কুমার বিশাকের শিকার হন সূর্য, ৩৫ বলে ৭ চার ও ৬ ছয়ে ৮৩ রান করেন। লক্ষ্য থেকে তখন দল ৮ রান দূরে।
৬৬ বলে ১৪০ রানের জুটি ভেঙে গেলে পরের ডেলিভারিতে নতুন ব্যাটার টিম ডেভিডও থামেন গোল্ডেন ডাক মেরে। ১৭তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে নিজের হাফ সেঞ্চুরি করেন ওয়াধেরা এবং দলও জিতে যায়। ৩৪ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৬.৩ ওভারে ৪ উইকেটে ২০০ রান করে মুম্বাই। ম্যাচসেরা হয়েছেন সূর্য।
২১ বল হাতে রেখে ৬ উইকেটের এই জয়ে আট থেকে এক লাফে আইপিএলের পয়েন্ট টেবিলের তিনে উঠলো মুম্বাই। ১১ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান খেলে বেঙ্গালুরু ১০ পয়েন্ট নিয়ে সাতে নেমেছে।
আগে ব্যাটিং করে গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসির ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৯৯ রান করেছিল বেঙ্গালুরু।









