আগের দিন বৃষ্টির কারণে চার দিনের ম্যাচের প্রথম দিনে মাত্র ৬৮ ওভার খেলা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ২ উইকেট ২২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বুধবার। দিন শেষে দেখা গেলো রানের পাহাড় গড়ছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ১২৩ ওভারে ৬ উইকেট তুলেছে ৪১৭ রান। জশুয়া ডা সিলভা (৭৩) ও কেভিন সিনক্লেয়ার (৪৭) রান নিয়ে ব্যাটিং করছেন। সোমবার তৃতীয় দিনের শুরুতে সফরকারীদের অলআউট করতে না পারলে স্বাগতিকদের ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে হবে!
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭০ রান নিয়ে সাবেক ক্যারিবীয় তারকা শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল ব্যাটিংয়ে নেমেছিলেন। কিন্তু ৮৩ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। ২৩৬ বলে ৭ চারে ত্যাগনারায়ণ নিজের ইনিংসটি সাজিয়েছেন। অন্যদিকে ৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অ্যালিক স্টিভেন আউট হয়েছেন ৮৫ রানে। রিপন মণ্ডলের বলে এলবিডাব্লিউর শিকার হন তিনি। ২ রানের মধ্যে তিন উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু ইয়ানিক ক্যারিয়াহকে সঙ্গে নিয়ে অধিনায়ক জশুয়া ডা সিলভা ৩৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করায় তা আর হয়নি। ১৪ রান করে ইয়ানিক আউট হওয়ার পর জশুয়া ও কেভিন মিলে বাকিটা সময় নির্বিঘ্নে পার করেছেন।
দু’জনের অবিচ্ছিন্ন ১০০ রানের জুটিতেই পরে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে হয়েছে ৪১৭ রান। জশুয়া ১১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৩ রানে অপরাজিত আছেন। কেভিন অপরাজিত ৭০ বলে ৪৭ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে মুশফিক হাসান ৫৪ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া নাঈম হাসান ও সাইফ হাসান নিয়েছেন একটি করে উইকেট।









